Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গাইসালে ট্রেনে আগুন, আতঙ্ক

গাইসালে ট্রেনে আগুন, আতঙ্ক
  • ২১ মে, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা, ইসলামপুর: ফের শিরোনামে উত্তর দিনাজপুরের গাইসাল। ২৬ বছর আগে দুপুরে ট্রেন দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি যেন টাটকা হয়ে উঠল গাইসালে। মঙ্গলবার দুপুরে সেখানকার মানুষজন চোখের সামনে দেখলেন জ্বলন্ত ট্রেন। দাউদাউ করে জ্বলছে শিলিগুড়ি থেকে মালদহগামী ডিইএমইউয়ের পিছনের ইঞ্জিনটি। আর তাতেই ছড়াল আতঙ্ক। 

Advertisement

এনএফ রেল ও স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে গাইসাল স্টেশনে ঢোকে শিলিগুড়ি থেকে মালদহগামী ডিইএমইউ ট্রেনটি। দেখা যায় ট্রেনের পিছনের ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরচ্ছে। তড়িঘড়ি ট্রেনের বগি ফাঁকা করে যাত্রীদের সুরক্ষিত স্থানে সরানো হয়। শেষে দমকল এসে আগুন নেভায়। স্থানীয়দের বক্তব্য, এদিন দুপুরে ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় ১৯৯৯ সালে ২ আগস্ট দুপুরের অওধ আসাম এক্সপ্রেস ও ব্রহ্মপুত্র মেলের ভয়াবহ সংঘর্ষের স্মৃতি ফিরে এল। ওই দুর্ঘটনায় আড়াইশোর বেশি যাত্রীর মৃত্যু হয়। আহত হন তিনশো জন। যদিও এদিন রেলের তৎপরতায় বড়সড় অঘটন রুখে দেওয়া সম্ভব হয়েছে।
এনএফ রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, এদিন দুপুর ১টা ৫৫ মিনিট নাগাদ গাইসাল স্টেশনে  মালদহগামী ডিইএমইউ’র ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। ট্রেন থামিয়ে রেলকর্মীদের সাহয্যে যাত্রীদের নামিয়ে আনা হয়। দমকল কর্মীরা কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। যান্ত্রিক ত্রুটি থেকে ডিইএমইউয়ের ইঞ্জিনে আগুন লেগেছিল বলে অনুমান। কেউ হতাহত হয়নি। দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ডিইএমইউয়ের যাত্রী ভোলা বসাকের বক্তব্য, গাইসালে পৌঁছতেই যাত্রীদের চেঁচামেচি শুনি। এরপর ট্রেন থেকে নেমে দেখি ইঞ্জিনে আগুন লেগেছে।

সম্পর্কিত সংবাদ