Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

মুম্বইয়ে আগুন, দেশজুড়ে বন্ধ ডাক ব্যাংকিং

মুম্বইয়ের বিএসএনএল ডেটা সেন্টারে আগুন লাগায় ডাক ব্যাংকিং ব্যবস্থা স্তব্ধ। হাজার কোটি টাকার লেনদেন বন্ধ। বিস্তারিত পড়ুন।

মুম্বইয়ে আগুন, দেশজুড়ে বন্ধ ডাক ব্যাংকিং
  • ৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: মুম্বইয়ের বিএসএলএনের ডেটা সেন্টারে অগ্নিকাণ্ড। তার জেরেই বুধবার দেশজুড়ে মুখ থুবড়ে পড়ল ডাক বিভাগের আর্থিক পরিষেবা। পোস্টাল সেভিংস, পোস্টাল লাইফ ইনসিওরেন্স সহ সব কিছু থমকে যায়। বন্ধ হয়ে যায় কয়েক হাজার কোটি টাকার লেনদেন। এদিন সন্ধ্যা পর্যন্ত সেই বিপর্যয় কাটিয়ে ওঠা যায়নি। সূত্রের খবর, যেভাবে গোটা সিস্টেম বিগড়েছে, তাতে আগামী কয়েকদিনেও পরিস্থিতি ঠিক হবে না বলেই ধারণা বিশেষজ্ঞদের। 

Advertisement

মঙ্গলবার গভীর রাতে যে ডেটা সেন্টারে আগুন লাগে, সেখানেই ডাক বিভাগের সার্ভার রয়েছে। যদিও সেই সার্ভার পর্যন্ত আগুন পৌঁছাতে পারেনি। তবে অগ্নিকাণ্ডে পুড়ে যায় ডেটা সেন্টারে থাকা বিএসএনএলের যন্ত্রপাতি ও ডাক বিভাগের সঙ্গে সংযোগকারী ফাইবার। এর ফলে ডাক বিভাগের সঙ্গে সার্ভারের সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারই প্রভাবে স্তব্ধ হয়ে যায় দেশের যাবতীয় পোস্টাল লেনদেন। সূত্রের খবর, কী কারণে আগুন লাগল, তার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিএসএনএলের ডেটা সেন্টারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে না। ডাক বিভাগের কর্তাদের একাংশ তো এও জানাচ্ছেন, তাড়াহুড়ো করে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে আরও বেশি সমস্যা হতে পারে বলে মুম্বই থেকে জানানো হয়েছে। এদিন বিকল্প পথে ডাক বিভাগের সার্ভারকে সংযোগ দিতে চেষ্টা করেছে বিএসএনএল এবং এমটিএনএল। কিন্তু তা খুব বেশি সাফল্য মেলেনি।
ডাক বিভাগের কোর ব্যাংকিং ব্যবস্থা চলে মূলত বিএসএনএলের সংযোগের উপর নির্ভর করে। বিকল্প হিসাবে অপর একটি লিজ লাইন প্রদানকারী সংস্থার সঙ্গেও চুক্তি ছিল দেশজুড়ে। কিন্তু সেই সংস্থার সঙ্গে আগেই চুক্তি বাতিল করেছে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রক। ফলে বিএসএনএলে বিপর্যয় হলে, বিকল্প কোনো পাকা বন্দোবস্ত নেই। অর্থাৎ, একরকম জোড়াতালি দিয়েই ডাক বিভাগের মাধ্যমে চলছে দেশের বৃহত্তম কোর ব্যাংকিং পরিষেবা। সাম্প্রতিককালে ‘আইটি ২.০’ নামে একটি প্রকল্প আনে ডাক বিভাগ, যেখানে কোটি কোটি টাকা খরচে বদল করা হয় তথ্যপ্রযুক্তি পরিকাঠামোর খোলনলচে। তারপরও কেন এই বিপর্যয় সামাল দেওয়া গেল না? দপ্তরের কর্তাদের একাংশ জানাচ্ছেন, ওই পরিকাঠামোর মধ্যে দিয়ে মেইল, ই-কমার্স ডেলিভারি, স্পিড পোস্ট প্রভৃতি পরিষেবাগুলি দ্রুততার সঙ্গে দেওয়া সম্ভব হচ্ছে। কিন্তু এর সঙ্গে ব্যাংকিং পরিষেবার সরাসরি যোগ নেই। তার জন্য নির্ভর করতে হচ্ছে লিজ লাইনের উপর, যা আসছে বিএসএনএল থেকে। সেই কারণেই এদিন আর্থিক লেনদেন ও বিমা পরিষেবা বিঘ্নিত হলেও, ডাক বিভাগের নিজস্ব পরিষেবাগুলি সচল ছিল। এমনকি আধারের কাজেও কোনো সমস্যা হয়নি।

Advertisement
সম্পর্কিত সংবাদ