Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ছোটোখাটো আগুন নেভাতে কলোনিতে অগ্নি নির্বাপক যন্ত্র, স্থানীয়দের প্রশিক্ষণ

কলোনির ঘরে দেওয়ালে রাখা অগ্নি নির্বাপক যন্ত্র। ছোটখাটো আগুন লাগলে প্রাথমিকভাবে সেটি দিয়ে সামাল দেওয়া যাবে। উত্তর কলকাতার বাগবাজারে একাধিক কলোনিতে গেলে চোখে পড়ে এই যন্ত্র।

ছোটোখাটো আগুন নেভাতে কলোনিতে অগ্নি নির্বাপক যন্ত্র, স্থানীয়দের প্রশিক্ষণ
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলোনির ঘরে দেওয়ালে রাখা অগ্নি নির্বাপক যন্ত্র। ছোটখাটো আগুন লাগলে প্রাথমিকভাবে সেটি দিয়ে সামাল দেওয়া যাবে। উত্তর কলকাতার বাগবাজারে একাধিক কলোনিতে গেলে চোখে পড়ে এই যন্ত্র। বাসিন্দাদের দাবি, ফল মিলেছে হাতেনাতে। দুর্ঘটনা রুখতে কাজে এসেছে মেশিন।  

Advertisement

১ নম্বর বাগবাজার স্ট্রিট, পথ চলতে গিয়ে রাস্তা সংলগ্ন বস্তির দেওয়ালে অগ্নি নির্বাপক চোখে পড়বে। কিন্তু এখানে এই যন্ত্র কেন? কে যন্ত্র বসাল? কে চালায়? এইসব প্রশ্ন মনে জাগলে উত্তর দেবেন স্থানীয় বাসিন্দারাই। প্রয়োজন পড়ার পর তাঁদের কেউ কেউ এই অগ্নি নির্বাপক যন্ত্র কাজে লাগিয়ে আগুন নিভিয়েছেন। স্থানীয় বাসিন্দা রাহুল কোটাল, শ্যামলী মণ্ডলের কথায়, বেশ কয়েকবছর হল এগুলি লাগানো হয়েছে। কাউন্সিলার এই মেশিনগুলি রাখার ব্যবস্থা করেছিলেন। এগুলি থাকায় সুবিধা হয়েছে। এর আগে একদিন বাগবাজার বাজারে আগুন লেগেছিল। এই মেশিন দিয়েই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। আমাদের ঘরবাড়ি বেঁচে যায়। দু-তিনবার এই যন্ত্রগুলি কাজে লেগেছে। পাড়ার ছেলেরা এগুলি চালাতে পারে। ওদের শেখানো হয়েছিল। 
তবে শুধু ১ নম্বর বাগবাজার স্ট্রিটের এই কলোনি নয়। বাগবাজার অঞ্চলের বড় চারটি বস্তিতেই এমন একাধিক মেশিন রয়েছে। ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপি ঘোষ বলেন, যাতে বস্তিতে আগুন লাগলে প্রাথমিকভাবে সামলানো যায়। আগুন ছড়িয়ে না পড়তে পারে। তাই বিভিন্ন বস্তিতে দেওয়া হয়েছে। চারটি বস্তিতে মোট আটটি এমন অগ্নি নির্বাপক যন্ত্র দেওয়া হয়েছিল। কিন্তু শুধু যন্ত্র দিলেই তো হবে না। তাই পাড়ার ছেলেদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আগুন লাগলে কিভাবে সেটা ব্যবহার করা যাবে, তা শেখানো হয়েছিল। তিনি বলেন, ‘পরবর্তীকালে এগুলি খুব কাজে লেগেছে। ফণী ঝড়ের সময় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাগবাজারের মিটার ঘরে আগুন লাগে। ওই মিটার ঘর সংলগ্ন একটি কলোনি রয়েছে। সেখানে অগ্নির্বাপক যন্ত্র রাখা আছে। সেই মেশিন নিয়ে এসে আগুন নেভানো হয়। ওই বস্তি এবং বাগবাজার একদম গায়ে গায়ে। আগুন ছড়িয়ে পড়লে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু এই যন্ত্র কাজে লেগে যায়। পাড়ার ছেলেরাই সেই অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভিয়েছিল। আবার ৭ নম্বর বাগবাজার স্ট্রিটের বস্তিতেও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেখানেও এই মেশিন ব্যবহার করে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণ করা হয়।’ এই মেশিনগুলি নিয়মিত ‘রিনিউ’ করা হয় বলে দাবি করেন কাউন্সিলার। গত কয়েক সপ্তাহে পরপর অগ্নিকাণ্ডের জেরে শহরের বিভিন্ন বস্তি ও নিম্নবিত্ত জনপদে ক্ষয়ক্ষতি হচ্ছে, তখন এগিয়ে গিয়ে ছোটখাটো অগ্নিকাণ্ড সামলে পথ দেখাচ্ছে বাগবাজার।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ