মুম্বই, ২৩ জুন: জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’র শ্যুটিং ফ্লোরে অগ্নিকাণ্ড। আর সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোরেগাঁওয়ের ফ্লিম সিটিতে। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন ও পুলিস। দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলের কর্মীরা। কয়েকঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী থেকে আগুন? খতিয়ে দেখছেন দমকলের কর্মীরা। সূত্রের খবর, আজ, সোমবার ভোররাতে আচমকাই আগুন লাগে শ্যুটিং ফ্লোরে। পুরো সেট পুড়ে গিয়েছে। যার ফলে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও হতাহতের খবর নেই।
অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তের দাবি জানিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কাস অ্যাসোসিয়েশন। এদিন সকাল ৭টা থেকেই ওই সেটে ‘অনুপমা’ ধারাবাহিকের শ্যুটিং শুরুর কথা ছিল। অগ্নিকাণ্ডের জেরে শ্যুটিং আপাতত ওই সেটে স্থগিত করা হয়েছে। ধারাবাহিকের শ্যুটিং চলছে অন্য সেটে। সূত্রের খবর, যে জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে উপস্থিত ছিলেন স্পট বয়, স্টাফ সহ অন্যান্যরা। যদিও কারোর ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত কলাকুশলীদের তরফে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। ‘অনুপমা’ ধারাবাহিকের মূল তথা জনপ্রিয় অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়, আদ্রিজা রায়ও এই বিষয়ে মুখ খোলেননি।