হায়দরাবাদ, ২৬ এপ্রিল: হায়দরাবাদ থেকে চেন্নাই যাচ্ছিল চারমিনার এক্সপ্রেস। তেলেঙ্গানার যাদাদ্রি ভুবনগিরি জেলার আলের স্টেশনে ঢোকার আগে হঠাৎই ধোঁয়া দেখতে পান এস৫ কোচের যাত্রীরা। দেখতে দেখতে আগুন ধরে যায় কোচটিতে। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। স্টেশনের কাছাকাছি থাকায় ট্রেনটির গতি কম ছিল। খবর পেয়েই ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে নেওয়া হয়। যদিও ট্রেনের গতিবেগ কম থাকায় অনেক যাত্রী চলন্ত ট্রেন থেকে রেল লাইনেই নেমে যান। উদ্ধারকারী দলের তৎপরতায় এ ক্ষেত্রে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।



