নিউ মার্কেটে থানার কাছে ম্যাট্রেসের গুদামে আগুন, দমবন্ধ হয়ে মৃত্যু শ্রমিকের
  • ২৬ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিউ মার্কেট থানার পাশের গলিতে মধ্যরাতে এক গুদামে আগুন লেগে মর্মান্তিক মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম  ধর্মেন্দ্র কুমার (২৬)। মৃত শ্রমিকের বাড়ি বিহারের সীতামারিতে। এই ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় নিউ মার্কেট থানার পাশাপাশি লালবাজারের হোমিসাইড শাখার গোয়েন্দারা।  তবে বুধবার রাত পর্যন্ত এই ঘটনায় নিউ মার্কেট থানার পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

Advertisement

নিউ মার্কেট থানা থেকে ঢিলছোঁড়া দূরত্বে ১৩৩/১ নম্বর এস এন ব্যানার্জি রোডের এক বহুতলের নীচতলা দীর্ঘদিন ধরেই ম্যাট্রেসের গুদাম হিসেবে ব্যবহৃত হয়। মঙ্গলবার রাত সোয়া ১টা নাগাদ আচমকাই এই গুদামে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন গুদামে মজুত ম্যাট্রেসের ছড়িয়ে পড়ে। ফলে কালো ধোঁয়ায় গুদাম ও তার চারপাশ ঢেকে যায়। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থল আসে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন আয়ত্তে আনে। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, আগুনের লেলিহান শিখার পাশাপাশি কালো ধোঁয়া দেখতে পেয়ে এলাকার বাসিন্দারা গুদামে ছুটে আসেন। তাঁরাই দরজা ভেঙে গুদামে আটকে পড়া ঘুমন্ত শ্রমিক ধর্মেন্দ্রকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন।  পরে তাঁকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানতে পেরেছেন, পারিবারিক অশান্তির জেরে দাদার বাড়ির বদলে গত ৭-৮ দিন ধরে ধর্মেন্দ্র ওই গুদামে রাতে ঘুমোচ্ছিলেন। 
প্রাথমিক তদন্তে  লালবাজারের গোয়েন্দাদের অনুমান, ‘ম্যাট্রেসে ঠাসা গুদামে আগুন লাগায়, এক লহমায় বদ্ধ গুদামে প্রচুর পরিমানে বিষাক্ত কার্বন মনোঅক্সাইডে ভরে যায়। সম্ভবত, ঘুমন্ত অবস্থায় বিষাক্ত কার্বন মনোঅক্সাইড শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ধর্মেন্দ্রে শরীরে ঢোকায় তিনি জ্ঞান হারান। বিষঃক্রিয়ায় মৃত্যু হয়েছে তাঁর।’ এদিকে, বুধবার কলকাতা পুলিশ মর্গে ময়না তদন্ত হয়েছে। তাতে ইঙ্গিত মিলেছে কার্বন মনো অক্সাইড বিষক্রিয়াতে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে ওই শ্রমিকের।