নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার গভীর রাতে মধ্যমগ্রামের বাদুতে ডাম্পিং গ্রাউন্ডে ফের আগুন। দমকলের একটি ইঞ্জিন ঘণ্টা দু’য়েকের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আনে সেই আগুন। মধ্যমগ্রাম পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাদু ঢালিপাড়ায় প্রায় ১৮ বিঘা জমিতে রয়েছে এই ডাম্পিং গ্রাউন্ড। এখানে ২৫টি ওয়ার্ডের আবর্জনা ফেলা হয়। স্বাভাবিকভাবে এখানে আবর্জনা জমে জমে কার্যত পাহাড় তৈরি হয়েছে। কয়েকদিন আগেই তাতে আগুন লেগে গিয়েছিল। সেবারও আগুন পুরোপুরি নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে। মূলত, আবর্জনা থেকে তৈরি হওয়া মিথেন গ্যাস থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফের শনিবার রাতে এই ডাম্পিং গ্রাউন্ডেই বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুরসভার গাফিলতির কারণে এখানে মাঝেমধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া না হলে আগামী দিনেও একই ঘটনা ঘটবে। রাতে হঠাৎ এভাবে বড় আগুন লাগায় পড়িমড়ি করে বাড়ি ছাড়েন আশপাশের এলাকার বাসিন্দারা। এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা খোকন কায়পুত্র বলেন, এই এলাকায় টেকাই দায়। দিনের পর দিন এখানে আবর্জনা ফেলা হচ্ছে। কিন্তু সঠিক পরিকাঠামো নেই। আমরা খুবই আতঙ্কে আছি। এনিয়ে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যন নিমাই ঘোষ বলেন, এটা এমন বড় কিছু ব্যাপার না। নোংরা নামানো হচ্ছিল। সেখান থেকে হয়তো বিঘ্ন হয়েছে। আগুন নিয়ন্ত্রণে। তবে, মানুষের দাবি মতো এর স্থায়ী সমাধান আমরা করব।-নিজস্ব চিত্র



