নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড। ভোর ৪টা নাগাদ বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসি ভবনের দ্বিতীয় তলার সম্প্রসারিত খোলা অংশে আগুন লেগে চাঞ্চল্য ছড়াল মঙ্গলবার। সূত্রের খবর, ভোর প্রায় ৪টা নাগাদ কর্মীরা প্রথমে ভবনের ওই অংশ থেকে আগুন ও ধোঁয়া বেরোতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিমানবন্দরের নিজস্ব দমকল বিভাগকে।
আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থালে দ্রুত ছুটে আসে দমকলের তিনিটি ইঞ্জিন। প্রায় দু’ঘণ্টা ধরে চলে আগুন নেভানোর কাজ। সাকাল ৬টা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে চলে তৎপরতা। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, স্বাধীনতা দিবস উপলক্ষে এটিসি ভবনে লাগানো আলোকসজ্জার টুনি লাইটের তারে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আগুন মূলত ভবনের খোলা এলাকাতেই সীমাবদ্ধ ছিল। ফলে এটিসি এবং আবহাওয়া দপ্তরের কোনও গুরুত্বপূর্ণ সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়নি।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, আগুনের কারণে বিমান পরিষেবাতেও কোনও প্রভাব পড়েনি। বিমান ওঠানামা স্বাভাবিক ছিল। তবে কীভাবে শর্ট সার্কিটের ঘটনা ঘটল এবং আলোকসজ্জার বৈদ্যুতিক সংযোগে কোনও ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে বিমানবন্দরের নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও পরীক্ষা শুরু হয়েছে।
উল্লেখ্য বিমানবন্দরের এই এটিসি ভবন থেকেই বিমান ওঠা নামা সংক্রান্ত যাবতীয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। প্রত্যেক বিমান বন্দরে এই এটিসি ভবনের গুরুত্ব অনেক। এই ভবন থেকেই পাইলটদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এটিসি আধিকারীকরা। তবে স্বস্তি কোনো যন্ত্রাংশের ক্ষতি না হওয়ায় কোনো রকম বিপদ বা ক্ষতি হয়নি। সকাল থেকে স্বাভাবিক ছন্দেই চলেছে বিমান চলাচল।