নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: বৃহস্পতিবার খড়্গপুর শহরের ইন্দা এলাকায় একটি খাবারের দোকানে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ায়। এদিন দুপুরে হঠাৎই ওই দোকানে আগুন ধরে যায়। দোকানের কর্মী ও ক্রেতারা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, গ্যাস সিলিন্ডার লিক করেই আগুন লেগেছিল। স্থানীয় বাসিন্দা সন্দীপ মণ্ডল বলেন, হঠাৎই দোকানে আগুন ধরে যায়। ঘন জনবসতি এলাকা হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আরও সতর্ক হয়ে কাজ করা প্রয়োজন। এদিন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। পুলিস জানিয়েছে, কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।-নিজস্ব চিত্র



