সংবাদদাতা, উলুবেড়িয়া: আগুন লেগে ছাই হয়ে গেল একটি চানাচুরের কারখানা। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১২টা নাগাদ, বাগনান থানার খাদিনানে। পরে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা ১২টা নাগাদ চানাচুর তৈরির সময় আচমকা কারখানাটিতে আগুন লেগে যায়। কারখানায় দাহ্য পদার্থ মজুত থাকায় চোখের নিমিষে আগুনের লেলিহান শিখা গোটা কারখানাটিকে গ্রাস করে নেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে কারখানা। এদিকে কারখানায় আগুন লাগার খবর পেয়ে প্রাথমিকভাবে খাদিনান, চন্দ্রপুর, গোপালপুর এলাকার বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার কর্মী চন্দ্রকান্ত মণ্ডল জানান, এদিন সকালে চানাচুর তৈরির সময় আচমকা আগুন ধরে যায়। এই প্রসঙ্গে উলুবেড়িয়া দমকল বিভাগের আধিকারিক সঞ্জীব কর জানান, কারখানাটিতে অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে। আগুনে হতাহতের কোনও খবর নেই। কী কারণে আগুনে লেগেছে, দমকল তা খতিয়ে দেখছে। নিজস্ব চিত্র



