Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

চণ্ডীরপাঠ বাজারে সকালে আগুন, ভস্মীভূত ৬ দোকান

চণ্ডীরপাঠ বাজারে সকালে আগুন, ভস্মীভূত ৬ দোকান
  • ১২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তুফানগঞ্জ: রবিবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল ৬টি দোকান। ঘটনাটি ঘটেছে বক্সিরহাট থানার বারোকোদালি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীরপাট বাজারে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ও পুলিস। সকলের প্রচেষ্টায় ঘণ্টা দু’য়েকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘিঞ্জি বাজারে রক্ষা পায় আরও বেশ কিছু দোকান। তবে ছ’টি দোকানে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। মাথায় হাত পড়েছে সংশ্লিষ্ট দোকান মালিকদের। 

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন প্রথমে একটি কাপড়ের দোকানে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। আগুনের লেলিহান শিখায় দুটি কাপড়ের দোকান, দুটি কম্পিউটারের দোকান, একটি মুদিখানা ও একটি ফলের দোকান পুড়ে যায়। ঘটনার জেরে ভেঙে পড়েছেন অনেকে। 
রবিবার বাজারের ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ী প্রমোদচন্দ্র দাস বলেন, সকালে দোকান বন্ধ ছিল। স্থানীয় ব্যবসায়ীদের থেকে আগুন লাগার খবর পাই। এসে দেখি, দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। ভিতরে রাখা সমস্ত জামা কাপড় পুড়ে যায়। আগুনের তীব্রতা এতটাই ছিল, ভিতর থেকে কিছুই বের করা সম্ভব হয়নি। কয়েক লক্ষ টাকার ক্ষতি হল।  অপরএক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী অমৃতচন্দ্র দাস বলেন, অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার সামগ্রী পুড়েছে। দোকান করে সংসার চালাতে হয়। পরিবার নিয়ে এখন কী করব, বুঝে উঠতে পারছি না। সরকারি সাহায্য পেলে ভালো হয়।
বাজারে অগ্নিকাণ্ড রুখতে আরও সচেতন থাকার বার্তা দেওয়া হয়েছে। অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখলে তা কমানো যেতে পারে অনেকটাই। রবিবার সাধারণত বাজারে ভিড় থাকে। এমন দিনে আগুন অগ্নিকাণ্ড হওয়ায় ক্রেতাদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। দোকানিরাও ক্ষয়ক্ষতির মুখে পড়ে বিপর্যস্ত। বাজারের কেনাবেচায় কিছুটা প্রভাব পড়ে।
এই ব্যাপারে তুফানগঞ্জ-২ ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শীতলচন্দ্র দাস বলেন, ক্ষয়ক্ষতির রিপোর্ট সংগ্রহ করা হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে রয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। 
এ ব্যাপারে বক্সিরহাট দমকল কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক রঞ্জন মোদক বলেন, আগুনে ৬টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। দমকল সময় মতো না পৌঁছলে বড় বিপদ ঘটতে পারত। 
(আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা। - নিজস্ব চিত্র।)

Advertisement
সম্পর্কিত সংবাদ