নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার চামরাইলে জাতীয় সড়কের ধারে একটি ঢালাই কারখানায় বুধবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ভস্মীভূত হয়ে যায় কারখানার ভিতরের অংশ। দমকলের দু’টি ইঞ্জিন প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে দমকল।
জানা গিয়েছে, এদিন দুপুর ২টো নাগাদ আচমকা কারখানার পাশে শ্রমিকদের রাত্রিবাসের জায়গায় আগুন লাগে। সেখান থেকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কারখানায়। ঘটনার সময় শ্রমিকরা কারখানার ভিতরেই কাজ করছিলেন। আগুন ছড়িয়ে পড়তে দেখে দ্রুত বাইরে বেরিয়ে আসেন তাঁরা। খবর পেয়ে ছুটে আসে লিলুয়া থানার পুলিস। এরপর লিলুয়া ও হাওড়া ফায়ার স্টেশন থেকে দমকলের দু’টি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা। শ্রমিকরা জানান, আগুন দেখে কোনওমতে আমরা ঘর থেকে নিজেদের জিনিসপত্র বের করে আনতে পেরেছি। কীভাবে আগুন লাগল, তা স্পষ্ট করে বলতে পারছেন না কেউই।
দমকল জানিয়েছে, কারখানার ভিতরে সেভাবে দাহ্য বস্তু মজুত ছিল না। তাছাড়া শ্রমিকদের থাকার ঘরগুলি টিনের দেওয়াল ও লোহার কাঠামো দিয়ে তৈরি। যেকারণে আগুন ভয়াবহ আকার নিতে পারেনি। কারখানার ভিতরে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখছে দমকল। দমকলের এক আধিকারিক বলেন, ‘আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়। সময়মত দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করায় বড়সড় বিপর্যয় এড়ানো গিয়েছে।’ এদিকে জনবহুল জায়গায় কারখানার মধ্যে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। নিজস্ব চিত্র