সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ পুরসভার দত্তপাড়া এলাকায় এক অনুষ্ঠান বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। রবিবার দুপুরে পুরসভার কাউন্সিলার অভিজিৎ কাপুরিয়ার বাড়ি সংলগ্ন অনুষ্ঠান গৃহের একতলায় আগুন লাগে। ঘটনাস্থলে আসে দমকলের দু’টি ইঞ্জিন। দ্রুত আগুন নিভিয়ে ফেলেন দমকলকর্মীরা। তাঁদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। এদিন এলাকায় বেশ কয়েকটি বাড়িতেও শর্ট সার্কিট থেকে ইলেক্ট্রনিক্স ডিভাইস নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে।
এদিন তৃণমূল কাউন্সিলার অভিজিৎ কাপুরিয়ার বাড়ি সংলগ্ন তাঁর লজের একতলায় অফিস ঘরে আগুন আগে। তাতে বেশ কিছু আসবাবপত্র এবং একটি কম্পিউটার পুড়ে গিয়েছে। তখন বাড়িতে ছিলেন না কাউন্সিলার। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজ হাত লাগান। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এবিষয়ে কাউন্সিলার অভিজিৎ কাপুরিয়া বলেন, আশেপাশে কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, বনগাঁ পুরসভা সূত্রে জানা গিয়েছে, কাউন্সিলারের এই অনুষ্ঠান বাড়ি বেআইনিভাবে তৈরি হয়েছে। ভবনটির বৈধ কোনও অনুমতি নেই। এমনকী অনুষ্ঠান গৃহেরও বৈধ অনুমতি নেই। এবিষয়ে কাউন্সিলারকে একাধিক চিঠি দিয়ে জবাব চাওয়া হলেও তিনি তার জবাব দেননি। যদিও অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলার।
তাঁর দাবি, পুরসভার নিয়ম মেনেই কাজ হয়েছে।