এভারেস্ট বেসক্যাম্প রুটের হোটেলে অগ্নিকাণ্ড নেপালে আটকে বসিরহাটের ৩০ পর্বতারোহী
  • ২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বসিরহাট: নেপালের হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে বড় বিপদে বসিরহাটের প্রায় ৩০ জন পর্বতারোহী। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে তাঁদের ট্রেকিংয়ের জুতো, শীতের পোশাক, ওষুধপত্র এবং দলের সব টাকা। ২১ অক্টোবর বসিরহাটের মাউন্টেনিয়ারিং ক্লাব ‘ট্রাভেলার্স গিল্ড’-এর উদ্যোগে এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিংয়ের উদ্দেশ্যে বসিরহাট  থেকে রওনা হয়েছিল দলটি। ২৮ অক্টোবর প্রায় ৪৪১০ মিটার উচ্চতায় ডিংবোচে-তে পৌঁছে একটি হোটেলে উঠেছিল দলটি। ৩০ অক্টোবর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর হোটেলটিতে আগুন ছড়িয়ে পড়ে। কোনওক্রমে প্রাণে বাঁচলেও ওই দলে থাকা সদস্যদের অধিকাংশ নিজেদের প্রয়োজনীয় সামগ্রী উদ্ধার করতে পারেননি। এই মুহূর্তে হিমাঙ্কের নীচে তাপমাত্রা এবং অবিরাম তুষারপাত এবং কোমর সমান বরফের মধ্যে তীব্র সমস্যার মধ্যে পড়েছে দলটি। প্রয়োজনীয় জুতো, গরম পোশাক ও ওষুধ ছাড়া বরফে ঢাকা দুর্গম পথে নেমে আসা তাঁদের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলে জানান।

Advertisement

এই পরিস্থিতিতে ভারত সরকারের জরুরি হস্তক্ষেপ এবং নেপাল দূতাবাসের মাধ্যমে হেলিকপ্টারে তাঁদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছে দলটি। বসিরহাটে থাকা তাঁদের আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরাও দ্রুত সরকারি সাহায্যের অনুরোধ জানিয়েছেন। তবে এই বিষয়ে প্রশাসনের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এনিয়ে বসিরহাট জেলার বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস বলেন, আটকে পড়া ওই মানুষগুলিকে দ্রুত বসিরহাটে ফেরানোর জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানানো হবে।