সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: না দেখলে বিশ্বাস করা কঠিন! হঠাত্ করে যেখানে সেখানে আগুন লেগে যাওয়ায় আতঙ্কে বাড়ি ছাড়া চারটি পরিবার। হরিশ্চন্দ্রপুর থানার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের শীতলপুর গ্রামে এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ভয়ে জবুথবু গোটা গ্রাম। কেন এভাবে আগুন লাগছে বোধগম্য হচ্ছে না কারও। আতঙ্কে রাত জেগে কাটাচ্ছেন অনেকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল থেকে এই আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা দিনমজুর জিয়ারুল হকের খড়ের গাদায় প্রথম আগুন লাগে। প্রথম দিকে সন্দেহ হয় কেউ হয়তো আগুন লাগিয়ে দিয়েছে। এরপর দফায় দফায় সইবুর রহমান, মহম্মদ নুহু ও সাদিকুল হকের ঘরে আগুন লাগে। বিছানা, মশারি, বাক্স এমনকি ঘরের বেড়ায় আগুন লেগে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তিনদিন ধরে এই ঘটনার পর বিষয়টি জানাজানি হতেই দূরদূরান্ত থেকে মানুষজন ভিড় জমাতে শুরু করেছেন। খবর পেয়ে সোমবার ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিস ও ব্লক প্রশাসন। আগুনের উৎস খোঁজার চেষ্টা করেন তাঁরা। সইবুর বলেন, কীভাবে আগুন লাগছে বুঝতে পারছি না। খড়ের গাদা ও বাক্সে থাকা কাপড়ে হঠাত্ করে আগুন ধরে যাচ্ছে। দিনে পাঁচ থেকে সাতবার দফায় দফায় এভাবে আগুন লাগছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রকম ঘটনা ঘটছে। রাতে আবার আগুন লাগে না।



