সংবাদদাতা, কাঁথি: সোমবার রাত সাড়ে ১২টা নাগাদ ওল্ড দীঘায় একটি চারতলা বেসরকারি হোটেলের লিফট মেশিন রুমে আগুন লাগে। পর্যটক এবং স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। আগুন লেগেছে বুঝতে পেরে রুমে থাকা পর্যটকদের অনেকে পড়িমরি করে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে দীঘা কোস্টাল থানার পুলিস দ্রুত ঘটনাস্থলে আসে। রামনগর দমকলের দু’টি ইঞ্জিন সেখানে আসে। বাকি যাঁরা রুমে থেকে গিয়েছিলেন, তাঁদের অধিকাংশই ঘুমাচ্ছিলেন। ২০জন পর্যটককে তৎপরতার সঙ্গে উদ্ধার করে নিরাপদে বাইরে নিয়ে আসেন পুলিস ও দমকল কর্মীরা। ঘণ্টাখানেকেরও বেশি চেষ্টার পর আগুন আয়ত্তে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের।



