Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মহিষাদলে আম্রুত প্রকল্পের কাজে বাধা, এফআইআর তমলুকের চেয়ারম্যানের

মহিষাদলে আম্রুত প্রকল্পের কাজে বাধা, এফআইআর তমলুকের চেয়ারম্যানের
  • ২২ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: মহিষাদলের বাড় অমৃতবেড়িয়ায় মুখ্যমন্ত্রীর শিলান্যাস করা জলপ্রকল্পের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। ১৮দিন ধরে ওই এলাকায় আম্রুত প্রকল্পের কাজ শুরু করতে পারছে না ঠিকাদার সংস্থা। শুক্রবার এই সমস্যা চরমে পৌঁছয়। ঠিকাদার সংস্থার কর্মকর্তারা সাইট থেকে সোজা তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্রনারায়ণ রায়ের কাছে হাজির হন। সমস্যা মেটানো না হলে ওই এলাকায় রূপনারায়ণ থেকে জল তোলার ইনটেক পয়েন্টের কাজ শুরু করা যাবে না বলে জানিয়ে দেন।

Advertisement

ঘটনায় ক্ষুব্ধ পুরসভার চেয়ারম্যান অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায়কে ফোন করে বিষয়টি জানান। অতিরিক্ত জেলাশাসকের নির্দেশে বিকেলেই পুরসভার তরফে মহিষাদল থানায় এফআইআর করা হয়। কার্তিক তুঙ্গ নামে স্থানীয় এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে এই এফআইআর করেছে পুরসভা।
অভিযুক্ত তৃণমূল কর্মী মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এনিয়ে তিলকবাবু বলেন, ওয়ার্ক অর্ডারে নন্দকুমারের ইছাপুর কাজ হওয়ার কথা রয়েছে। অথচ ঠিকাদার সংস্থা সেই কাগজ নিয়ে মহিষাদলের বাড় অমৃতবেড়িয়ায় কাজ করতে চলে এসেছে। এটা ভাঙন অধ্যুষিত এলাকা। আমি স্থানীয় বিধায়ক। আমার সঙ্গে আলোচনা না করেই কাজ শুরু করা হচ্ছিল। প্রকল্পের স্থান বদলে আমি আপত্তি জানালে ঠিকাদার সংস্থা পেমেন্ট পাবে না।
তমলুক শহরে প্রতিটি কোণে আম্রুত প্রকল্পের পানীয় জল সরবরাহ করা হবে। এজন্য ১০৭কোটি টাকা বরাদ্দ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শিলান্যাস করেন। প্রথমে ঠিক ছিল, নন্দকুমারের ইছাপুরে রূপনারায়ণ নদ থেকে জল তোলা হবে। যদিও পরে মহিষাদল ব্লকের অমৃতবেড়িয়ার কাছে জল তোলার পরিকল্পনা হয়। এজন্য আন্তঃদেশীয় জলপথ বিভাগ এনওসি দিয়েছে। ওই এলাকা থেকে জল তুলে তমলুক শহরের ১৮ নম্বর ওয়ার্ডে দক্ষিণচড়ার শঙ্কর আড়ায় ট্রিটমেন্ট প্ল্যান্টে আনা হবে। সেখানে জল পরিস্রুত করার পর পাইপলাইনের মাধ্যমে শহরের নানা প্রান্তে ওভারহেড রিজার্ভারে যাবে।
ওয়ার্ক অর্ডার দেওয়ার পরই ঠিকাদার সংস্থা মহিষাদলের বাড় অমৃতবেড়িয়ায় পৌঁছে যায়। কিন্তু অভিযোগ, দু’তিনজন তাঁদের কাজে বাধা ও মারধরের হুমকি দিচ্ছে। শুক্রবার ঝামেলা হতেই মহিষাদল থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছয়।তমলুক পুরসভার চেয়ারম্যান বলেন, আগে ইনটেক পয়েন্ট হিসেবে নন্দকুমার ব্লকের ইছাপুরের নাম ছিল। কিন্তু, সেটা বদলে মহিষাদলের বাড় অমৃতবেড়িয়া হয়েছে। ইনল্যান্ড ওয়াটারওয়েজ সেইমতো এনওসি দিয়েছে। টেন্ডারে ইছাপুরের নাম ছিল। নাম সংশোধনের জন্য দপ্তরে চিঠি গিয়েছে। সরকারের একটি প্রকল্পে স্থান বদল হতেই পারে। তাতে বাধা দেওয়ার সাহস হয় কোথা থেকে-বুঝতে পারছি না।

Advertisement
সম্পর্কিত সংবাদ