নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহর পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলা হবে। রাস্তায় আবর্জনা, থুতু, ভ্যাটের পরিবর্তে অন্যত্র বর্জ্য ফেললে এবার জরিমানা নেওয়া হবে। নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করা হলেও জরিমানা দিতে হবে। পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে আজ, ১সেপ্টেম্বর থেকে নির্দেশিকা কার্যকরী হবে।
ঝাড়গ্রাম শহরে প্রতিদিন প্রায় ৭৯ মেট্রিক টন বর্জ্য জমা হয়। দৈনিক ৭.১৪ শতাংশ প্লাস্টিকজাত উপাদান পুনর্ব্যবহার না হওয়ায় শহরে জমা হয়। শহরের দক্ষিণে জলাশয়গুলিতে মাইক্রো প্লাস্টিকের ঘনত্ব বেড়েছে। প্রশাসনিক মহলে যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুরসভার ১৬নম্বর ওয়ার্ডের শ্রীরামপুরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কেন্দ্র গড়ে তোলা হয়েছে। পুরসভার ১৮টি ওয়ার্ডের বর্জ্য সেখানে জমা করে পুনর্ব্যবহারযোগ্য করা হয়। পুরসভার ওয়ার্ডে নিকাশি নালা পরিষ্কার, রাস্তা ঝাড়ু দেওয়া, রাস্তার দু’পাশে ঝোপঝাড় কাটেন কর্মীরা। বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করেন ৯৪জন নির্মলবন্ধু। জেলাশাসক কার্যালয়, স্টেডিয়াম সহ গুরুত্বপূর্ণ জায়গা সাফাইয়ের জন্য পুরসভার ১৫জনের সাফাই কর্মীর একটি বিশেষ দল রয়েছে। পচনশীল ও অন্যান্য জঞ্জাল কোন ভ্যাটে ফেলা উচিত তা নিয়ে সচেতন করেন নির্মল সাথীরা। অভিযোগ, এরপরও শহরে আবর্জনার স্তূপ জমে থাকে। নিকাশি নালাগুলিতে প্লাস্টিক জমে মজে গিয়েছে। বৃষ্টি হলেই ড্রেনের দূষিত জলে রাস্তা উপচে পড়ে। রাজ্যে পালাবদলের পর এই শহর পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার ঘোষণা করা হয়েছে। পুরবোর্ড ভাঙার পর মহকুমা শাসক অনিন্দিতা রায়চৌধুরী পুরসভার দায়িত্বভার গ্ৰহণ করেছেন। শহর জঞ্জালমুক্ত করতেই পুরসভা জরিমানার পথে হাঁটতে চলেছে বলে মনে করা হচ্ছে। পুরসভার নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, রাস্তায় বর্জ্য ফেললে বা জমা করলে, নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার করলে ও প্রকাশ্য স্থানে শৌচকর্ম করলে ২০০টাকা জরিমানা করা হবে। প্রকাশ্যে থুতু ফেললেও ১০০টাকা জরিমানা করা হবে। ঝাড়গ্রামের রানি ইন্দিরাদেবী সরকারি গার্লস কলেজের অধ্যাপক রাহুল শেখ বলেন, শহরে প্লাস্টিক বর্জ্যের দূষণ বাড়ছে। শহর ও জেলার জীব বৈচিত্র্যের উপর প্রভাব ফেলছে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে সতর্ক করা হচ্ছে। পুরসভার এক আধিকারিক বলেন, ১২০ মাইক্রনের নীচে প্লাস্টিক পচনশীল নয়। প্লাস্টিক ও দূষণমুক্ত শহর গড়ার লক্ষ্য নেওয়া হয়েছে। শহরবাসীকে মাইকিং করে সচেতন করা হবে। নিয়ম মেনে চলার জন্য বলা হবে। মহকুমা প্রশাসনের এক আধিকারিক বলেন, মঙ্গলবার থেকে জরিমানার নিয়ম কার্যকর করা হবে।