নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: শীতের মরশুমে রাজ্য ও জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় গাড়ি চালকদের দাঁড় করিয়ে চা-গরম জল খাওয়ানোর পাশাপাশি সতর্ক করছে ট্রাফিক পুলিশ। দুর্ঘটনা এড়াতেই এমন পদক্ষেপ পুলিশ প্রশাসনের। দুর্ঘটনা এড়াতে লোকালয় দিয়ে যাওয়া জাতীয় সড়কের মোড়ে পর্যাপ্ত আলো দেওয়ার পাশাপাশি কিছু জায়গায় স্পিড ব্রেকারও বসানো হয়েছে। পুলিশ সবরকম ভাবে চেষ্টা করলেও টোটো, বাইক রং রুটে ঢুকে পড়ায় ঘটছে দুর্ঘটনা। যা কাম্য নয় বলে জানান ট্রাফিক পুলিশ কর্তারা। সম্প্রতি তিস্তা সেতু এবং নাগরাকাটায় পৃথক দু’টি দুর্ঘটনায় মোট ছ’জন প্রাণ হারিয়েছেন। তাই এবার রং রুটে বাইক, টোটো কিংবা ছোটো গাড়ির চলাচল রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে চলেছে জলপাইগুড়ি জেলা পুলিশের ট্রাফিক বিভাগ।
ট্রাফিক ডিএসপি গ্যালসন লেপচা বলেন, দূরপাল্লার গাড়ি চালকরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে রাতে গাড়ি চালান। কিন্তু, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে টোটো, ছোটো গাড়ি কিংবা বাইক, স্কুটার বিপরীত রুটে ঢুকে পড়ছে। আর এতেই দুর্ঘটনা ঘটে যাচ্ছে। সামান্য অসাবধানতার জন্য প্রাণও চলে যাচ্ছে। আমাদের কর্মীরা নজরদারি বাড়াচ্ছেন। ট্রাফিক আইন লঙ্ঘন করলেই শাস্তি, জরিমানা আদায় করা হবে। আমরা এরজন্য স্পেশাল ড্রাইভ শুরু করতে যাচ্ছি।
যদিও ট্রাফিক ডিএসপি’র দাবি, জাতীয় ও রাজ্য সড়কে গত বছরের তুলনায় এ বছর দুর্ঘটনার সংখ্যা কম। গন্ডার মোড়ে স্পিড ব্রেকার বসানো হয়েছে। জাতীয় সড়কের একধিক জায়গায় জিগজ্যাগ ব্যারিকেড দেওয়া হয়েছে। মোবাইল পেট্রোলিং ভ্যান থাকছে। জাতীয় ও রাজ্য সড়কের বিভিন্ন মোড়ে অতিরিক্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। ম্যানুয়াল ও স্বংয়ক্রিয় সিগন্যাল ব্যবস্থা, সিসি ক্যামেরা তো থাকছেই।



