Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

৫০ লক্ষ টাকা জরিমানা, আত্মঘাতী তৃণমূল নেতা, বর্ধমানে গ্রেপ্তার তিন বিজেপি কর্মী

বর্ধমানে তৃণমূল নেতা স্বরূপ রানাকে ৫০ লক্ষ টাকা জরিমানা করে বিজেপি। পরে আত্মহত্যার ঘটনায় তিন বিজেপি কর্মী গ্রেপ্তার। বিস্তারিত পড়ুন।

৫০ লক্ষ টাকা জরিমানা, আত্মঘাতী তৃণমূল নেতা, বর্ধমানে গ্রেপ্তার তিন বিজেপি কর্মী
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পার্টি অফিসে সালিশি সভায় ডেকে তৃণমূল কংগ্রেস নেতাকে ৫০ লক্ষ টাকা জরিমানা করেছিল বিজেপি। গেরুয়া শিবিরের নেতাদের হাতেপায়ে ধরে অনুরোধ করায় শেষমেষ জরিমানার পরিমাণ ২৩ লক্ষ করা হয়। সেই টাকাও দেওয়ার ক্ষমতা ছিল না বর্ধমান-১ পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রাক্তন কর্মাধ্যক্ষ স্বরূপ রানার। স্থানীয় বিজেপি নেতারা জরিমানার টাকা দেওয়ার জন্য দেওয়ানদিঘির জগদাবাদ গ্রামের ওই তৃণমূল নেতাকে সাতদিন সময় দিয়েছিল। টাকা না দিলে পরিবারের মহিলাদের উপর অত্যাচারের হুমকিও দিয়েছিল। সমস্যা থেকে থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা না পেয়ে স্বরূপ বিষ খেয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি। স্বরূপের পরিবারের সদস্যরা স্থানীয় ন’জন বিজেপি নেতা ও কর্মীর নামে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তৃণমূল নেতা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুকালীন জবানবন্দিতে চার বিজেপি নেতার নামে নির্দিষ্টভাবে অভিযোগ করেছেন। ওই নেতাদের জন্যই তাঁকে মৃত্যুর পথ বেছে নিতে হল বলে জানিয়েছিলেন। 
এলাকায় স্বরূপবাবু একজন সজ্জন ব্যক্তি হিসাবেই পরিচিত ছিলেন। কোনো দিনই বিতর্কে জড়াননি। তাঁর মতো মানুষের এমন পরিণতিতে স্থানীয়রা ক্ষোভে ফুঁসছেন। বিজেপির একটি বড়ো অংশ এই বিষয়টি মেনে নেয়নি। তাঁরাও অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। বিজেপির মণ্ডল সভাপতি রাজকুমার সাউ বলেন, এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। দল এসব অনুমোদন করে না। ব্যক্তিগত আক্রোশ মেটাতে অনেকে দলীয় পতাকা নিয়ে অত্যাচার করছে। দল এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। এটা নিন্দনীয় ঘটনা। যারা এই ঘটনায় যুক্ত রয়েছে, পুলিশ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। 
মৃতের ভাই শ্যামল রানা বলেন, দাদা দু’বারের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। দাদা কারও উপর অত্যাচার করেছে, এটা কেউ বলতে পারবে না। তা সত্ত্বেও ভোটের ফল বেরনোর পর থেকেই দাদার উপর চাপ দেওয়া হয়। ২২জুন সন্ধ্যায় গ্রামের বিজেপি নেতারা দাদার সঙ্গে আরও তিনজনকে ওদের পার্টি অফিসে ডেকে পাঠিয়ে ছিল। বিজেপি নেতারা দাদাকে ৫০লক্ষ টাকা জরিমানা দিতে চাপ দেয়। দাদা অনেক অনুরোধ করায় ওরা সেটা কমিয়ে ২৩ লক্ষ টাকা করে। দাদা সমবায় সমিতিতে অস্থায়ী কাজ করত। এত টাকা দেওয়ার ক্ষমতা ছিল না। বারবার সেকথা বলায় বিজেপি নেতারা বলেছিল, টাকা না দিলে পরিবারের উপর অত্যাচার করা হবে। এরপরই মঙ্গলবার সমবায় অফিসে গিয়ে দাদা বিষ খেয়ে নেয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই দাদা মারা যায়। দাদার এক মেয়ে। সপ্তম শ্রেণিতে পড়ে। ওর কী হবে? তৃণমূল নেতা দেবু টুডু বলেন, জেলাজুড়ে বিজেপির জরিমানা আদায় অভিযান চলছে। প্রশাসনের বিষয়টি দেখা উচিত। তা না হলে এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে। 
 তৃণমূল নেতা স্বরূপ রানা।

Advertisement
সম্পর্কিত সংবাদ