শহরের কোথায় কোন রাস্তা, কত বড়ো জলাশয় বা পার্ক, ধরা পড়বে এক ক্লিকেই
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোন ওয়ার্ডের কোথায় অবস্থান, তার আয়তন কত, সেখানে কোন কোন রাস্তা রয়েছে, কোথায় আছে জলাশয়, ফাঁকা মাঠ বা পুরসভার উদ্যান—সবটাই ধরা পড়বে এক ক্লিকে। সেভাবেই জিও ট্যাগিং দেওয়া ওয়ার্ড ভিত্তিক ডিজিটাল ম্যাপ তৈরি করবে কলকাতা পুরসভা। ইতিমধ্যে তার প্রাক-প্রক্রিয়া শুরু হয়েছে। আপাতত শহরের কোথায় পুরসভার কতটা জমি রয়েছে, ওয়ার্ড ভিত্তিক কী কী সম্পত্তি আছে, সবটাই নতুন করে তালিকাভুক্ত করা হচ্ছে। কারণ, শহরের ওয়ার্ড ডিলিমিটেশন হওয়ার পর ওয়ার্ড নম্বর বদল হওয়ায় এসব রাস্তা, জমি এবং সম্পত্তিকে নতুন ওয়ার্ডের অন্তর্ভুক্ত করতে হচ্ছে। সেই কাজ হওয়ার পরই ডিজিটাল ম্যাপ তৈরির কাজে হাত লাগানো হবে। 

Advertisement

পুর কর্তৃপক্ষ জানাচ্ছে, বর্তমানে শহরের কোনো ডিজিটাল ম্যাপ পুরসভার হাতে নেই। ব্রিটিশ আমলের হাতে তৈরি ম্যাপ রয়েছে। সেটা দিয়েই আপাতত কাজ চলছে। কিন্তু যখন নতুন করে শহরের ওয়ার্ড ভিত্তিক সীমানা পুনর্বিন্যাস হয়েছে, তখন আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল ম্যাপ জরুরি। তাই প্রত্যেকটি ওয়ার্ডের জন্য পৃথক পৃথক ম্যাপ তৈরি করা হবে। সেখানে প্রতিটি ওয়ার্ডের অক্ষাংশ-দ্রাঘিমাংশও উল্লেখ থাকবে। প্রয়োজনে সেই ওয়ার্ডে কোথায় কোন রাস্তা রয়েছে, সেই রাস্তা কতটা বিস্তৃত, রাস্তার দৈর্ঘ্য-প্রস্থ, কোথায় জলাশয় আছে কিংবা সবুজ বনানী বা মাঠ, পুরসভার বুস্টার পাম্পিং স্টেশন থেকে শুরু করে নিকাশি পাম্পিং স্টেশন, পুরসভার কোথায় কোন অফিস, প্রত্যেকটি জায়গার অক্ষাংশ-দ্রাঘিমাংশ জানা যাবে কয়েকটি ক্লিকে। 
পুরসভার এক আধিকারিক বলেন, ‘আপাতত ওয়ার্ডের প্রতিটি রাস্তা, জলাশয়, মাঠসহ পুরসভার নিজস্ব সম্পত্তিগুলি জিও ট্যাগিং করে ডিজিটাল ম্যাপে যুক্ত করা হবে। শহরের গুরুত্বপূর্ণ জায়গা বা দ্রষ্টব্য স্থানগুলিও ম্যাপে রাখা হবে। পরবর্তীকালে আমরা ডিজিটাল ম্যাপে আরও কিছু দেখতে বা বদল করতে চাইলে, তা করার সুযোগ থাকবে। এই কাজের জন্য বিশেষজ্ঞদের নিযুক্ত করে করা হবে।’