Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ব্যাঙ্কে কর্মী নিগ্রহের ঘটনা আটকাতে রাজ্যগুলিকে ব্যবস্থা নেওয়ার আর্জি অর্থমন্ত্রকের

বিভিন্ন শাখায় গ্রাহকদের হাতে নিগৃহীত হতে হচ্ছে ব্যাঙ্ক কর্মী ও আধিকারিকদের। পরিস্থিতি এমন জায়গায় যাচ্ছে, মার খেয়ে হাসপাতালে ভর্তিও হতে হয়েছে কয়েকজনকে।

ব্যাঙ্কে কর্মী নিগ্রহের ঘটনা আটকাতে রাজ্যগুলিকে ব্যবস্থা নেওয়ার আর্জি অর্থমন্ত্রকের
  • ৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিভিন্ন শাখায় গ্রাহকদের হাতে নিগৃহীত হতে হচ্ছে ব্যাঙ্ক কর্মী ও আধিকারিকদের। পরিস্থিতি এমন জায়গায় যাচ্ছে, মার খেয়ে হাসপাতালে ভর্তিও হতে হয়েছে কয়েকজনকে। এই ঘটনা এড়াতে রাজ্যগুলিকে পদক্ষেপ নেওয়ার আর্জি জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের আর্থিক পরিষেবা বিভাগের সচিব এম নাগরাজু। রাজ্যের মুখ্য সচিবদের লেখা চিঠিতে তিনি জানান, সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যম মারফত জানা গিয়েছে, ব্যাঙ্কের শাখায় দৌরাত্ম্য চালাচ্ছে সমাজবিরোধীরা। তারা কর্মীদের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলছে। শারীরিকভাবে নিগ্রহও করছে। কোথাও পরিষেবা পর্যন্ত বন্ধ করে দিচ্ছে তারা। এই পরিস্থিতিতে মানুষকে সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়া সম্ভব নয়। এই প্রবণতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। নাগরাজুর আর্জি, রাজ্যগুলি এই বিষয়ে নির্দেশিকা জারি করুক, যাতে জেলাশাসকের দপ্তর এবং স্থানীয় পুলিস অবাঞ্ছিত ঘটনা রুখতে তৎপর হয়। পুলিসে অভিযোগ করলে যাতে ব্যবস্থা নেওয়া হয়, তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তিনি। পুলিস ব্যাঙ্কিং পরিষেবার সময় সতর্ক থাকলে উপকার হবে। ব্যাঙ্ক অফিসারদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক শুভ঩জ্যোতি চট্টোপাধ্যায় বলেন, দেশের নানা প্রান্তে সাধারণ গ্রাহকদের হাতে ব্যাঙ্ক কর্মী ও অফিসাররা নিগৃহীত হচ্ছেন। মার খাচ্ছেন। তা কখনই কাম্য নয়। অথচ সিংহভাগ ক্ষেত্রেই তাঁদের কোনও অপরাধ বা দায় থাকে না। সংগঠিতভাবে এই নিগ্রহের ঘটনা অবশ্য ঘটে না। কিন্তু ঘটনাগুলিতে আমরা সবাই আতঙ্কিত। এ রাজ্যে সংখ্যায় কম হলেও নিগ্রহের ঘটনা ঘটছে। প্রশাসনিক তৎপরতার জন্য তা কম। তবু প্রশাসনের কাছে আবেদন, ‘ব্যাঙ্কিং আওয়ার’ বা পরিষেবা প্রদানের সময় ব্যাঙ্কগুলির কাছে পুলিসি টহলদারি বাড়ানো হোক। অনেক জায়গাতেই ব্যাঙ্কে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী থাকে না। রাজ্য প্রশাসন উদ্যোগ নিলে যেমন নিগ্রহের ঘটনা এড়ানো যাবে, তেমনই আর্থিক সুরক্ষাও বৃদ্ধি পাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ