হরেক নামের কার্তিক পুজো ঘিরে উন্মাদনা বিসর্জনের কার্নিভাল ঘিরে চূড়ান্ত প্রস্তুতি
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: সোনামুখীতে হরেক নামের কার্তিক পুজোকে কেন্দ্র করে মঙ্গলবার থেকেই শহরবাসীর মধ্যে ব্যাপক উন্মাদনা শুরু হয়েছে। শনিবার রাতে বিসর্জনের কার্নিভাল হবে। পরের দিন রবিবার সকালে প্রতিমা নিরঞ্জন হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালী ও কার্তিকের শহর নামে পরিচিত সোনামুখীর নাগরিকরা দুই পুজোর জন্য সারাবছর অপেক্ষা করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবার ১৯টি সর্বজনীন কার্তিকপুজো ছাড়াও শহরে ব্যক্তিগতভাবে শতাধিক পুজো হয়। কার্নিভাল দেখতে শহরে বহু মানুষের সমাগম হয়। সেই জন্য প্রশাসনের তরফে ইতিমধ্যেই সমন্বয় বৈঠক করা হয়েছে। 

Advertisement

সোনামুখী সমন্বয় কমিটির কর্মকর্তারা বলেন, শহরে বহু বছর ধরে চলে আসা কার্তিক পুজো আজও সমান জনপ্রিয়। পুজোর পাঁচদিন ব্যাপক ভিড় হয়।  শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সমন্বয় কমিটি তৈরি করা হয়েছে। সব মিলিয়ে সোনামুখীতে কার্তিক পুজোয় নাগরিকরা আনন্দে মেতে ওঠেন। আশেপাশের বিভিন্ন গ্রাম থেকেও দর্শনার্থীরা শহরে ভিড় জমান। বিসর্জনের শোভাযাত্রা দেখতে শহরে কার্যত জনজোয়ার সৃষ্টি হয়।  
সমন্বয় কমিটি সূত্রে জানা গিয়েছে, পুরসভার ১৫টি ওয়ার্ডে বিভিন্ন পাড়ায় শতাধিক কার্তিক পুজো হয়। তার মধ্যে প্রায় ১৯টি সর্বজনীন কার্তিকপুজো বাজেটের দিক দিয়ে দুর্গাপুজোর সঙ্গে টক্কর দেয়। প্রতিমার উচ্চতাতেও দুর্গাকে হার মানায় দেব সেনাপতি। উদ্যোক্তারা জানিয়েছেন, প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা, প্রসাদ, বস্ত্রবিলি সহ পুজোয় নানা কর্মসূচির জন্য এক থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বাজেট থাকে। সব মিলিয়ে পাঁচ দিনের পুজো এবং প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে শহরবাসী আনন্দে মাতে। শহরের বিগ বাজেটের কার্তিক পুজোর মধ্যে অন্যতম বড়ো কার্তিক, মাইতো কার্তিক, মহিষগোঠ, ঘুরুনি, শিখা, ডেঙো, শিশু, নবযুবক, গুঁইপাড়া, বকুলতলা, লালবাজার, নীলবাড়ি, লোহারপাড়া, রুদ্রপাড়া, পালপাড়া, বাউরিপাড়া, নিমতলা, শিমুলতলা, বটতলা প্রভৃতি।   
প্রায় ৩৫০ বছরের প্রাচীন মাইতো কার্তিক পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, একদিন ভোরে স্থানীয় বিশ্বাসবাড়ির এক বৃদ্ধা মা স্বর্ণময়ীর মন্দিরে প্রণাম করে ফেরার সময় ময়ূরের উপর বসে থাকা কার্তিকের বিগ্রহ দেখতে পান। হঠাৎ ওই মূর্তি দেখে তিনি সংজ্ঞাহীন হন। পরে জ্ঞান ফিরলে তিনি পরিবারের সদস্যদের জানান। তারপর থেকে পুজো শুরু হয়। প্রথম দিকে ওই পুজো পারিবারিক হলেও পরে তা ষোলাআনার পুজো হয়েছে।
মহিষগোঠ কার্তিক পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, তাদের মন্দিরের জায়গায় একসময় মহিষের বাথান ছিল। তৎকালীন সময়ে ওই বাথানের রাখাল বালকরা প্রথম পুজো শুরু করেন। সেই কারণে ওই পুজোর এরূপ নামকরণ করা হয়। এছাড়াও জায়গার নাম অনুসারে একাধিক পুজোর নামকরণ করা হয়েছে। পাঁচদিনের পুজো হলেও বিসর্জনের কার্নিভাল বেশ জনপ্রিয়। ওইদিন শহরের রথতলা থেকে চৌরাস্তায় সারারাত ধরে কার্নিভাল চলে। আলোর রোশনাই ও হরেক বাদ্য বাজনা সহকারে কার্নিভাল দেখতে শহরে কার্যত জনজোয়ার সৃষ্টি হয়। -নিজস্ব চিত্র