পঞ্চাশ বছরের ভোগান্তির অবসান, পাকা  হল দুই বিধানসভার যোগাযোগকারী রাস্তা
  • ১২ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: দুই বিধানসভা, দুই গ্রাম পঞ্চায়েত। যোগাযোগের একমাত্র ভরসা ছিল রেলব্রিজের নীচ দিয়ে যাওয়া ছোটো একটি রাস্তা। দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে সেই রাস্তার বেহাল দশা। বর্ষা এলেই জলকাদায় কার্যত যাতায়াতের অযোগ্য হয়ে পড়ত সেই পথ। কখনও কখনও ভাঙা ইটের টুকরো ফেলে সাময়িকভাবে মেরামতির চেষ্টা হয়েছে। কিন্তু স্থায়ী সমাধান অধরাই থেকে গিয়েছিল এতদিন। অবশেষে জেলা পরিষদের নতুন বোর্ডের উদ্যোগে কংক্রিটের ব্লক বসল ঝোরহাটের এই গুরুত্বপূর্ণ রাস্তায়। প্রায় ২২ লক্ষ টাকা খরচে তৈরি এই রাস্তা এলাকাবাসীকে ‘দীপাবলির উপহার’ বলেই দাবি জেলা পরিষদের।

Advertisement

সাঁকরাইল বিধানসভার বাণীপুর-২ গ্রাম পঞ্চায়েত এবং দক্ষিণ হাওড়া বিধানসভার ঝোরহাট গ্রাম পঞ্চায়েতের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম এই রাস্তা। ঝোরহাট রেলব্রিজের নীচ দিয়ে যাওয়া রাস্তাটি এতটাই বেহাল হয়েছিল যে সাইকেল নিয়ে যাতায়াত করতেও হিমশিম খেতে হত বাসিন্দাদের। বর্ষায় কাদার জন্য পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠত। দুই পঞ্চায়েত এলাকার হাজার হাজার মানুষকে প্রতিদিন এই দুর্ভোগের মধ্য দিয়েই যাতায়াত করতে হত। এমনকি, জরুরি পরিষেবার ক্ষেত্রেও বড়ো সমস্যা ছিল এই রাস্তা। কারণ, অ্যাম্বুলেন্স ওই রাস্তা দিয়ে যেতে পারত না। রোগীকে অনেকটা ঘুরপথে নিয়ে যেতে হত। এই অবস্থায় অবশেষে জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে টাকা বরাদ্দ করে কংক্রিটের ব্লক দিয়ে তৈরি হয়েছে নতুন রাস্তা। কালীপুজোর আগের দিন রাস্তার উদ্বোধন করেন পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাই। আগে যে রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়াই ছিল চ্যালেঞ্জ, এখন সেই রাস্তা দিয়ে বড়ো গাড়িও অনায়াসে যাতায়াত করছে।
জেলা পরিষদের সহ-সভাধিপতি তুষার ঘোষ জানান, নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর যে কয়েকটি গুরুত্বপূর্ণ কাজে অগ্রাধিকার দেওয়া হয়েছিল, তার মধ্যে এই রাস্তা অন্যতম। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কোনো সরকারই সেই দাবিতে গুরুত্ব দেয়নি। ছোটো রাস্তা হলেও দুই পঞ্চায়েত এলাকার মানুষের কাছে এটি অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এ প্রসঙ্গে আগের জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তুষারবাবু। তাঁর অভিযোগ, জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি এবং সহ-সভাধিপতি দুজনেই দুবার করে এই এলাকা থেকে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছিলেন। বছরের পর বছর শুধু প্রতিশ্রুতিই দিয়ে গিয়েছেন। রাজ্যের নতুন সরকার সেই দাবি পূরণ করেছে। নতুন রাস্তা পেয়ে খুশি এলাকার বাসিন্দারা। দেবকুমার গুছাইত, বিপ্লব ঘোষ, দেবর্ষি সরকারদের কথায়, ‘সামান্য একটি রাস্তা পাকা করার জন্য একসময় আন্দোলনেও নামতে হয়েছিল আমাদের। অবশেষে সেই দাবি পূরণ হওয়ায় দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলল।’