কাটা ঘুড়ি ধরতে গিয়ে বাইকের ধাক্কায় মৃত্যু পঞ্চম শ্রেণির ছাত্রের
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: কেটে যাওয়া ঘুড়ি ধরতে গিয়ে বেপরোয়া বাইকের ধাক্কায় প্রাণ গেল এক বালকের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে, বাগনান বাইনান রাস্তার খাজুট্টি মোড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বালকের নাম সোহন জানা (১১)। সে হিজলক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। বাগনান থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠিয়েছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বিকাল ৪টে নাগাদ কেটে যাওয়া একটি ঘুড়ি ধরার জন্য দৌড়াচ্ছিল সোহন। দৌড়াতে দৌড়াতে সে রাস্তার পাশে চলে আসে। তখনই দ্রুতগতিতে বাইনান অভিমুখে যাওয়া একটি বাইক তাঁকে ধাক্কা মারলে সে রাস্তায় ছিটকে পড়ে। দুর্ঘটনার পর আশঙ্কজনক অবস্থায় তাকে উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, এই দুর্ঘটনার পরই তীব্র ক্ষোভ জানান স্থানীয় বাসিন্দারা। এলাকার এক বাসিন্দা সুরজিৎ দাস বলেন, রাস্তায় থাকা বাম্পারগুলি ক্ষয়ে যাওয়ায় বাইক আরোহীরা রাস্তার পাশ দিয়ে বেপোরোয়াভাবে বাইক চালাচ্ছেন। তার ফলেই এইরকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে। তিনি দাবি করেন, দুর্গা পুজো থেকে এদিন পর্যন্ত এইভাবে পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হল। অবিলম্বে ক্ষয়ে যাওয়া বাম্পারগুলির পরিবর্তে রাস্তায় নতুন বাম্পার বসানোর দাবি জানান তাঁরা। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।