জুরিখ: ফুটবল মাঠে সময় নষ্ট বন্ধ করতে অতীতে একাধিক নিয়ম চালু করেছে ফিফা। ২০২২ বিশ্বকাপে দেখা গিয়েছিল, ৯০ মিনিটে খেলার বাইরে ব্যয় হওয়া সিংহভাগ সময় সংযোজিত সময়ে যোগ করা হয়েছে। ফলে প্রতিটি ম্যাচই গড়ে ১০০ মিনিটের গণ্ডি টপকেছে। তা সত্ত্বেও সময় অপচয় খুব একটা রোখা যায়নি। তাই আসন্ন বিশ্বকাপে এবার ফুটবলারের চোট নিয়েও নতুন নিয়ম চালু করছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, সময় নষ্টের জন্য হাল্কা চোটেও ফুটবলাররা মাটিতে পড়ে কাতরাতে থাকেন। তাই রেফারিকে বাধ্য হয়ে খেলা থামিয়ে মেডিকেল টিমকে ডাকতে হয়। তবে পরক্ষণেই সেই ফুটবলার হাঁটতে হাঁটতে বাইরে গিয়ে ফের মাঠে নেমে পড়েন। গোটা বিষয়টিতে বেশ কিছুটা সময় নষ্ট হয়। এবার সেই কথা মাথায় রেখে আসন্ন ২০২৬ বিশ্বকাপে নতুন মেডিকেল নিয়ম চালু করছে ফিফা।



