সংবাদদাতা, উলুবেড়িয়া: টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় ফিল্ড জুনিয়র ইঞ্জিনিয়ারকে হাতেনাতে ধরে ফেলল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। ধৃত ইঞ্জিনিয়ারের নাম সিদ্ধার্থ অধিকারী। ধৃতের কাছ থেকে পুলিশ ২০ হাজার টাকা উদ্ধার করেছে। শুক্রবার দুপুরে উলুবেড়িয়া জেলেপাড়ার কাছে ১৬ নং জাতীয় সড়কের পাশে একটি রেস্তরাঁ থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, সর্বশিক্ষা মিশনের অধীনে উলুবেড়িয়া পুরসভা এলাকায় থাকা বিভিন্ন স্কুলের দায়িত্বে ছিলেন এই ইঞ্জিনিয়ার। হাওড়া জেলাশাসকের দপ্তর থেকে তাঁকে নিয়োগ করা হয়েছিল। অভিযোগ, সরকারি কাজের টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন সিদ্ধার্থ। সেইমত অভিযোগকারী ব্যক্তি বুধবার ইউপিআইয়ের মাধ্যমে ১০ হাজার টাকা ইঞ্জিনিয়ারকে দেন। পাশাপাশি রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখাকে তিনি বিষয়টি জানান। এরপরেই শুক্রবার ফাঁদ পাতেন দুর্নীতি দমন শাখার পুলিশ। সেইমত এদিন দুপুরে জাতীয় সড়কের পাশে হোটেলে ২০ হাজার টাকা নেওয়ার সময় পুলিশ আধিকারিকরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন। উদ্ধার হয় টাকা। পরে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে। আধিকারিকদের বক্তব্য, তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



