সংবাদদাতা, উলুবেড়িয়া: পুজো আসছে। প্রকৃতির সঙ্গে সাজ সাজ রব পুজো কর্তাদের অন্দরেও। দেশে-বিদেশে চলছে প্রস্তুতি। দিন কয়েক আগেই উলুবেড়িয়ার ময়রাপাড়ার বাসিন্দা সঞ্জীব চন্দ্রের হাতে তৈরি প্রতিমা দুবাইয়ের পথে পাড়ি দিয়েছে। আরও কয়েকটি প্রতিমা বিদেশে পাড়ি দেবে। এরই মধ্যে শিল্পীর হাতে তৈরি একটি ৩ ফুটের ফাইবারের জগদ্ধাত্রী প্রতিমা মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটেল শহরের উদ্দেশে রওনা দিল। সূত্রের খবর, সোমবার বিমানে এই প্রতিমা সিয়াটেল শহরের উদ্দেশে রওনা দিয়েছে। সঞ্জীব জানান, কলকাতার নিউটাউনের বাসিন্দা দেবজিৎ বন্দ্যোপাধ্যায় আমাকে এক মাস আগে এই জগদ্ধাত্রী প্রতিমা তৈরির কথা বলেছিলেন। সেইমতো আমি এই প্রতিমা তৈরি করেছি। তিনি জানান, প্রতিমাটি তৈরি করতে একমাস সময় লেগেছে। তবে দুর্গা প্রতিমা তৈরির মাঝে বিদেশে যাওয়ার জন্য একটি ফাইবারের সরস্বতী প্রতিমাও তৈরি করা হচ্ছে বলে জানান সঞ্জীব। নিজস্ব চিত্র



