নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: রিষড়ার জগদ্ধাত্রী পুজোর ভাসান শোভাযাত্রায় আগুন। এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়াল। মঙ্গলবার গভীর রাতে ঘটেছে ঘটনাটি। দাসপাড়ার ভাইভাই সংঘ সর্বজনীনের জগদ্ধাত্রী প্রতিমায় আগুন ধরে গিয়েছিল বলে জানা গিয়েছে।
শোভাযাত্রার সময় আনন্দ উদযাপনে কোল্ড ফায়ার করা হয়েছিল। সেখান থেকেই ফুলকি ছিটকে প্রতিমায় আগুন ধরে যায়। সে সময় ঘটনাস্থলে ব্যাপক ভিড় ছিল। প্রতিমার কাপড় ও অন্যান্য উপকরণে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। তবে এই ঘটনাটি ছাড়া রিষড়ার জগদ্ধাত্রী পুজোর ভাসান পর্ব নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। এই দাবি করেছে হুগলি জেলা প্রশাসন ও চন্দননগর পুলিশ কমিশনারেট।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাসপাড়ার ভাইভাই সংঘ সর্বজনীনের প্রতিমার কাঠামোর পিছন থেকে এক রকমের আতশবাজি, কোল্ড ফায়ার করা হচ্ছিল। আচমকা সেখান থেকে আগুনের ফুলকি ছিটকে পড়ে জগদ্ধাত্রীর সিংহের কেশরে। পাট দিয়ে তৈরি কেশর দ্রুত জ্বলে ওঠে। তা থেকে আগুন ধরে যায় প্রতিমার শাড়িতে। প্রায় সঙ্গে সঙ্গে ফুলমালাতেও আগুন ধরে ভয়াবহ হয়ে উঠতে শুরু করে। ক্লাবের সদস্যরা জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। আসে দমকল। সবমিলিয়ে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্লাবের সদস্য শুভরাজ দাস বলেন, ‘দ্রুত আগুন নিভিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এই দুর্ভাগ্যজনক ঘটনায় শোভাযাত্রার তাল কেটে যায়। দমকল ও প্রশাসন সকলেই তৎপরতার সঙ্গে আমাদের সাহায্য করেছে।’
হুগলির পুজো মরশুমের শেষ উৎসব রিষড়ার জগদ্ধাত্রী পুজোর ভাসান শোভাযাত্রা। ২৯টি পুজো কমিটির ৮৭টি শোভাযাত্রার গাড়ি পথে বেরিয়েছিল। গভীর রাত পর্যন্ত শোভাযাত্রা দেখতে ভিড় জমিয়েছিল মানুষ। নানা অনুষ্ঠান, বিভিন্ন শো, বাদ্যযন্ত্রের ঐকতানে মনোরম শোভাযাত্রা দেখা গিয়েছে রাতের রিষড়ায়।



