নিজস্ব প্রতিনিধি, আসানসোল: স্থানীয় বিধায়ক তথা বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পলের বাড়ির সামনেই ‘তোমার দেখা নেই’ গাইবেন মহিলা তৃণমূল কর্মীরা। বার্নপুরের সম্প্রীতি হলে তৃণমূলের আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার কর্মী সম্মেলনে এমনই নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ওই কর্মী সম্মেলনে জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘আপনাদের বিধায়ককে তো সাড়ে চার বছর এলাকায় দেখা যায়নি। মহিলাদের বলছি, হারমোনিয়াম নিয়ে তাঁর বাড়ির সামনে গিয়ে ‘তোমার দেখা নেই’ গান করুন।’তবে এদিন কর্মী সম্মেলনে শাসকদলের গোষ্ঠীকোন্দল ফের প্রকাশ্যে চলে আসে। এদিন বার্নপুর শহরের কর্মীদের নিয়ে সম্মেলন চলছিল। সেখানে জেলা নেতৃত্বের উপস্থিতিতে নেতা-নেত্রীরা একে অন্যের বিরুদ্ধে মাইক হাতে তোপ দাগেন।বিধানসভা হোক বা লোকসভা ভোট-এই শহরে তৃণমূল পিছিয়ে থাকে। সেই জন্য এদিন ওয়ার্ড ধরে ধরে হারের কারণ জানতে চাওয়া হয়। তখনই এক মহিলা নেত্রী বলেন, ‘অঞ্চলে আঁচল’ কর্মসূচি করতে বাধা দিয়েছে ওয়ার্ড সভাপতি। কখনও আবার ওয়ার্ড সভাপতি নিজের ওয়ার্ডের কাউন্সিলারের বিরুদ্ধে সরব হন। জেলা তৃণমূল নেতৃত্ব সবাইকে একসঙ্গে চলার বার্তা দেয়।



