নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিসের অন্তর্ভুক্ত বাসন্তী হাইওয়েতে ফের দুর্ঘটনা ঘটল। তার জেরে মৃত্যু হল এক মহিলা স্কুটার চালকের। পিছনের আসনে বসেছিলেন ওই মহিলার বন্ধু। তিনিও গুরুতর জখম হয়েছেন। স্কুটারে সংঘর্ষ হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে আরও এক পথচারীকে ধাক্কা মারে পণ্যবাহী গাড়িটি। তিনিও আংশিক জখম হয়েছেন।
বুধবার সাতসকালে প্রগতি ময়দান থানা এলাকার পশ্চিম চৌবাগায় দুর্ঘটনাটি ঘটেছে। আহত অবস্থায় মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। মৃতের নাম রূপা মণ্ডল (৪০)। আনন্দপুর থানা এলাকার বানতলার বাসিন্দা তিনি। পুলিস সূত্রে খবর, এদিন সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। স্কুটারটি তাঁরই। রূপার বান্ধবী সোনালি পাইক পিছনে বসেছিলেন। হাসপাতালে তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, সোনালির বাড়ি সোনারপুরে। সকালে বান্ধবীকে বাড়ি ছাড়তে যাচ্ছিলেন রূপা। সেই সময়েই বাসন্তী হাইওয়েতে উল্টোদিক থেকে প্রবল গতিতে আসছিল একটি ছোট পণ্যবাহী গাড়ি। সেটি সরাসরি ওই স্কুটারে ধাক্কা মারে। স্কুটার চালক ও আরোহী দু’জনের মাথাতেই হেলমেট ছিল। সংঘর্ষের জেরে ছিটকে পড়েন স্কুটার চালক ও আরোহী। রূপার মাথায় গুরুতর চোট লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তিলজলা ট্রাফিক গার্ডের পুলিস। ঘটনাস্থল থেকে চম্পট দেয় ঘাতক গাড়ির চালক। পুলিস জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘাতক গাড়িটিকে রাত পর্যন্ত চিহ্নিত করা যায়নি।-নিজস্ব চিত্র