নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: ভিনরাজ্যের মহিলা পকেটমার গ্যাং এবার সক্রিয় রায়গঞ্জ শহরে। তারা শিশু কোলে নিয়ে অভিনব কায়দায় চালাচ্ছে অপারেশন। তাদের সফট টার্গেট ব্যস্ততম রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, টোটোয় চেপে যাওয়া মহিলারাই। বুধবার এমনই একটি গ্যাংয়ের হদিশ পেল রায়গঞ্জ থানার পুলিস। থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানিয়েছেন, দুই শিশু সহ সন্দেহভাজন চার মহিলাকে আটক করে রাখা হয়েছে। ধৃতদের কার্যকলাপ পুলিস খতিয়ে দেখা শুরু করেছে। কীভাবে গ্যাংটির হদিশ পেল পুলিস? ঘটনার সূত্রপাত বুধবার দুপুরে। শিলা সিংহ দেব চৌধুরী নামে এক বৃদ্ধা শহরের কলেজ পাড়া এলাকার বাসিন্দা টোটোয় ওঠেন। তার কিছু পরেই বিদ্রোহী মোড় থেকে ওই টোটোতে আরও একজন মহিলা বাচ্চা কোলে নিয়ে ওঠে। এবং পাশে বসে। তার কিছুক্ষণের মধ্যে তাঁর হাত ব্যাগ থেকে ছোট মানিব্যাগটি বের করে নেয় বাচ্চা কোলে নেওয়া মহিলাটি। শিলা পুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় টোটো থেকে নেমে ভাড়া দিতে গিয়ে দেখেন মানিব্যাগটি নেই। এই অবস্থায় ভাড়া না নিয়েই টোটোটি মহিলাকে নিয়ে চলে যায়। শিলার কথায়, টোটোটি চলে যেতে আমার সন্দেহ হয়, পাশে বসা মহিলাই আমার মানিব্যাগ হাতিয়েছে। আমি আবার একটি টোটোয় চেপে রায়গঞ্জ স্টেশন ও স্টেশনবাজারের কাছে যাই। তখনই সন্দেহজনক সেই মহিলা যাত্রীকে দেখতে পাই। আমি গিয়ে মহিলাকে ধরতেই মহিলা পকেটমারির বিষয়টি অস্বীকার করে। কিন্তু সে ধরা পড়ে যায় যখন আমার সেই খোয়া যাওয়া ব্যাগে থাকা একটি হরিমালা ফেলতে যায়। শিলার চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে আসেন। এরপরই জানা যায় শিলা শুধু নন, সুধা বর্মন নামে আরও এক মহিলার মানিব্যাগ বের করেছে তাদেরই এক সঙ্গী। তারও কোলে শিশু ছিল। সুধার ১৫০০ টাকা খোয়া গিয়েছে। শেষে পুলিসের সহযোগিতায় চারজন মহিলা আটক হয়। স্টেশনবাজার সংলগ্ন এলাকার গাড়ি চালক অজয় বর্মন, খোকন ঘোষরা বলেন, এই মহিলারা পকেটমারি করে। এদের গ্যাং আছে।



