নিউ ইয়র্ক: নীল হার্ড কোর্টের প্রান্ত ছুঁয়ে বাঁক খাওয়ানো সার্ভিস প্রতিপক্ষের নাগাল এড়িয়ে বাইরে। উত্তাল গ্যালারিতে তখন একটাই নাম, ‘ফেডেরার, ফেডেরার’। ২০১৯ সালের পর আর্থার অ্যাশ স্টেডিয়ামে ফের দেখা যেতে চলেছে এই ছবি। টেনিস র্যাকেট হাতে কোর্ট মাতাতে তৈরি রজার ফেডেরার। তবে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, তিনি খেলবেন প্রদর্শনী ম্যাচ। সেখানে অ্যান্ডি রডিকের বিরুদ্ধে একটি সিঙ্গলস সেট ও জন ম্যাকেনরোর সঙ্গে জুটিতে একটি ডাবলস সেট খেলবেন কিংবদন্তি সুইস তারকা। সেজন্য সেন্টার কোর্টে চূড়ান্ত প্রস্তুতি সারার সময়ই জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে তাঁর খেলার সূচি। নিমেষে গ্যালারিতে শুরু ফেডেরারের নামে চেনা স্লোগান। বিষয়টি দেখে মহড়া থামিয়ে অনুরাগীদের অভিবাদন গ্রহণ করেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। ২০২১ সালের উইম্বলডনের শেষ আটের ম্যাচ হেরে অবসর নিয়েছিলেন ফেডেরার। উল্লেখ্য, এই মুহূর্তে ইউএস ওপেনের কোয়ালিফায়ার পর্বের খেলা চলছে আর্থার আ্যাশ স্টেডিয়ামে।
প্রদর্শনী ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে প্রশ্নকর্তাদের ভিড় দেখে বোঝার উপায় নেই, যে ফেডেক্স এখন প্রাক্তন। সুইস তারকার মন্তব্য, ‘বলতে পারব না খেলাটা কেমন হবে। কারণ দীর্ঘদিন আমি র্যাকেট ছুঁইনি। তবে হ্যাঁ, অবশ্যই ফিট আছি। প্রতিদিন জিমে ঘাম ঝরাই। তাই আশা করছি যে, কোর্টে নড়াচড়ায় অসুবিধা হবে না।’ সামান্য থেমে তাঁর সংযোজন, ‘এই কোর্টে আমার প্রচুর স্মৃতি আছে। টানা পাঁচবার (২০০৪ থেকে ২০০৮ সালে) ইউএস ওপেন জিতেছি এখানে। তবে নিউ ইয়র্ককে সরকারি ভাবে বিদায় জানানো হয়নি। উদ্যোক্তাদের ধন্যবাদ, তাঁরা আমায় সেই সুযোগ করে দিয়েছেন।’
২০২০ সালের পর থেকেই চোট থাবা বসায় তাঁর শরীরে। সেবার অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে নোভাক জকোভিচের কাছে হারেন তিনি। এরপর তাঁর হাঁটুতে পরপর দু’বার অস্ত্রোপচার হয়। ফেডেক্স ফেরেন পরের বছর ফরাসি ওপেনে। কিন্তু চতুর্থ রাউন্ডের আগে চোটের জন্য সরে দাঁড়াতে হয় তাঁকে। সেই থেকে চোট সঙ্গী সুইস তারকার। তবে সেসব ভুলে এখন প্রদর্শনী ম্যাচেই পাখির চোখ রজারের।