Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ওসিআই কোটায় ফুটবলার খেলানোর টোপ ফেডারেশনের

কথায় বলে, ‘ঠেলার নাম বাবাজি।’ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তেমনই অবস্থা। ফুটবল র‌্যাঙ্কিং ১৩৩। এশিয়ান কাপের বাছাই পর্বে হংকংয়ের কাছে হারের পর মুখ দেখানোর জায়গা নেই।

ওসিআই কোটায় ফুটবলার খেলানোর টোপ ফেডারেশনের
  • ১৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কথায় বলে, ‘ঠেলার নাম বাবাজি।’ সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তেমনই অবস্থা। ফুটবল র‌্যাঙ্কিং ১৩৩। এশিয়ান কাপের বাছাই পর্বে হংকংয়ের কাছে হারের পর মুখ দেখানোর জায়গা নেই। চাপের মুখে জাতীয় দলে ‘ওসিআই’ (ওভারসিজ সিটিজেনশিপ অব ইন্ডিয়া) কোটায় ফুটবলার খেলানোর পরিকল্পনা জানালেন ফেডারেশন সভাপতি। দীর্ঘদিন ধরেই ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার খেলানোর চেষ্টা চলছে। কিন্তু পদ্ধতিগত জটিলতার জন্য সেই প্রয়াস এখনও বিশ বাঁও জলে। গাড্ডায় পড়লে কুমীর ছানা দেখানোর মতো পিআইও (ভারতীয় বংশোদ্ভূত) কোটার টোপ দেখান ফেডারেশন কর্তারা। এবার তাতেও চিঁড়ে ভিজছে না। ওসিআই কোটা আসলে ঠিক কী? আসলে এটি বিশেষ নাগরিকত্ব। কার্ডের জন্য আবেদন করতে হয়। নির্দিষ্ট যোগ্যতা ও মাপকাঠি পেরতে পারলে ওসিআই কার্ড মেলে। শুক্রবার ফেডারেশন সভাপতির দাবি, ইতিমধ্যেই ৩৩ জন ফুটবলারের তালিকা তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের সবুজ সঙ্কেত পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে অনেকেই মনে করছেন,ওসিআই কোটা নতুন গিমিক ছাড়া কিছুই নয়। নিজেদের ব্যর্থতা ঢাকতেই নতুন গল্প সাজাচ্ছে সর্বভারতীয় ফুটবল সংস্থা। নির্দিষ্ট সমাধান চাইলে বিভিন্ন ক্লাব ও ফ্র্যাঞ্চাইজিদের নিয়ে আলোচনা করাই যেত। অ্যাকাডেমি বা গ্রাসরুট ডেভেলপমেন্ট ঢেলে সাজানোর বদলে নতুন চাল দিল এআইএফএফ। ওসিআই কোটার ফুটবলার খেলানোও বেশ সময়সাপেক্ষ। ততদিনে লালবাতি জ্বলে যাবে ভারতীয় ফুটবলের।

Advertisement

নয়াদিল্লিতে এদিন ঘটা করে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ফেডারেশন। আসলে তা সভাপতির সাফাই ছাড়া কিছুই নয়। সমালোচনা থেকে বাঁচতেই কাজের ফিরিস্তি দিয়েছেন তিনি। প্রাক্তন জাতীয় অধিনায়ক বাইচুং ভুটিয়াকেও একহাত নিয়েছেন কল্যাণ। গত কয়েকদিন ধরেই বিভিন্ন মাধ্যমে তাঁর উপর ক্ষোভ উগরে দিয়েছেন দেশের অন্যতম সেরা ফুটবলার। শুক্রবার তারই পাল্টা দিলেন কল্যাণ। মন্তব্যের মোদ্দা কথা, ‘ফেডারেশন নির্বাচনে হারের জ্বালা মেটাচ্ছে বাইচুং। কমিটি মিটিংয়ে নীরব থাকেন তিনি। তবে বাইরে এই বিষোদগার কেন?’ প্রশাসক হিসাবে বাইচুং কতটা ব্যর্থ সেই উদাহরণও টেনেছেন কল্যাণ। কাদা ছোড়াছুড়িতে ভারতীয় ফুটবলের উন্নয়ন খোঁজার বদলে কলতলার ঝগড়া চলছে।
এদিকে, আগামী ২৯ জুন ফেডারেশনের কার্যকরী সমিতির বৈঠক। সেখানেই মানোলো মার্কুয়েজের ভবিষ্যৎ নির্ধারিত হবে। গোল্ডেন হ্যান্ডশেক হয়ে গেলে নতুন কোচের নাম ঘোষণা হবে। তার আগে টেকনিক্যাল কমিটির সঙ্গে আলোচনা সারবেন কর্তারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ