নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোহন বাগান গ্যালারির নীচেই সমর্থকদের জমজমাট আড্ডা। ক্লাব ক্যান্টিনে ঘুগনি, ফিশ ফ্রাইয়ের প্লেট ঘিরেও মুচমুচে আলোচনা। নর্থ ইস্টের বিরুদ্ধে মিগুয়েল খেলবে তো? জামশেদপুরকে সাডেন ডেথে হারিয়ে ডুরান্ড কাপের শেষ চারে পৌঁছেছে পানোস ব্রিগেড। জিতলেও লিস্টনদের ফর্মে উদ্বেগ বাড়াচ্ছে। শেষ চারে দুরন্ত নর্থ ইস্টকে টেক্কা দিতে মিগুয়েলই তুরুপের তাস গঙ্গাপাড়ের ক্লাবে। কিন্তু ব্রাজিলিয়ান প্লে-মেকার কতটা ফিট? এদিন ঘরের মাঠে ক্লোজড ডোর অনুশীলন করালেন গ্রিক কোচ। গ্রিলের গেটের ফাঁক দিয়ে চুঁইয়ে আসা খবর, কিছুক্ষণ অনুশীলন করেছেন মিগুয়েল। বুধবার দলের সঙ্গে শিলং যাচ্ছেন তিনি। শুধু মিগুয়েলই নন, শিলংয়ের বিরুদ্ধে স্কোয়াডে ছাংতের নামও রয়েছে। হাতের চোটের কারণে তাঁকে ডুরান্ডে খেলানো নিয়ে সংশয়ে ছিল টিম ম্যানেজমেন্ট। চিকিৎসকের গ্রিন সিগন্যাল পেতেই দেরি করেননি গ্রিক কোচ। নর্থ ইস্টের বিরুদ্ধে ছাংতেকে পরখ করতে চান তিনি। কিন্তু সমস্যা অন্যত্র। মিগুয়েল বা ছাংতে পুরো ফিট নন। মোহন বাগান জার্সিতে তাদের অভিষেকের অপেক্ষায় সমর্থকরা। সেমি-ফাইনালের মতো মেগা ম্যাচে মিগুয়েলদের নামানো ঝুঁকি হবে না তো? তবে পেশির চোটে অনিশ্চিত ড্র্যাজিচ।



