নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে অবশেষে খুলতে চলেছে আইএসএলের জট। শুক্রবার সুপ্রিম কোর্টের দুই বিচারপতি পিএস নরসীমা ও জয়মাল্য বাগচী জানিয়েছেন, আইএসএলের অচলাবস্থা কাটাতে দ্রুত বৈঠকে বসতে হবে এআইএফএফ এবং এফএসডিএলকে। পাশাপাশি দ্রুত সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৮ আগস্ট। আদালতের নির্দেশের পর খুশির হাওয়া ভারতীয় ফুটবল ফেডারেশনে। সংস্থার সভাপতি কল্যাণ চৌবে এদিন জানিয়েছেন, ‘অচলাবস্থা কেটে যাওয়ায় ভালো হয়েছে। বিষয়টি খুব তাড়াতাড়ি সমাধানের চেষ্টা করব। সেই মতো আমরা আগামী রবিবার ও সোমবার, দু’দিন এফএসডিএলের সঙ্গে বৈঠকে বসব। আশা করছি, মাস্টার রাইটস চুক্তি নিয়ে সমাধান বের হবে।’



