নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় দলের কোচ খুঁজতে আগেই বিজ্ঞাপন দিয়েছিল ফেডারেশন। ১৩ জুলাই, অর্থাৎ রবিবার ছিল আবেদন জানানোর শেষ দিন। সূত্রের খবর, ভারতীয়দের মধ্যে সঞ্জয় সেন ও খালিদ জামিল নিজেদের আবেদন জমা করেছেন। সর্বভারতীয় ফুটবল সংস্থার একটা বড় অংশ মুম্বইকরকে নিয়ে বেশ উৎসাহী। আসলে আইএসএলে জামশেদপুর এফসি’র চিফ কোচ ছিলেন তিনি। বিদেশি কোচেদের ভিড়েও নিজেকে প্রমাণ করেছেন খালিদ। অন্যদিকে, স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসও ভারতের দায়িত্ব নিতে আগ্রহী। মোহন বাগানের প্রাক্তনী ভারতীয় ফুটবল হাতের তালুর মতো চেনেন। শৃঙ্খলার প্রশ্নেও আপোসহীন তিনি। আরও এক হেভিওয়েট স্প্যানিশ কোচের দিকেও নজর রয়েছে। আবেদনের তালিকা থেকে পাঁচজনকে বাছাই করবে টেকনিক্যাল কমিটি। তারপর নাম পাঠানো হবে কার্যকরী সমিতির কাছে। তারাই দ্রুত কোচের নাম ঘোষণা করবে। পাশাপাশি চলতি সপ্তাহে দেশের সর্বোচ্চ আদালতের দিকে নজর থাকবে ফুটবল মহলের।



