নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুবভারতী ক্রীড়াঙ্গনে সাফসুতরোর কাজ চলছে জোরকদমে। ব্রাজিল ও উরুগুয়ে ম্যাচের আগে সেজে উঠছে স্টেডিয়াম। টিকিটের দাম নিয়ে চোরা অসন্তোষ ছিলই। পুজোর আগে চড়া দামে টিকিট কিনতে দর্শক কতটা হাত উপুড় করবে তা নিয়ে সন্দেহ থাকছেই। বাধ্য হয়ে এবার প্ল্যান ‘বি’-র রাস্তায় হাঁটল সর্বভারতীয় ফুটবল সংস্থা। ২৪ ঘণ্টা আগেই আইএফএ ও তিন প্রধানের কর্তাদের সঙ্গে বৈঠক সারেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। আইএফএ মারফত তিন প্রধানের কাছে পৌঁছাবে ১৪ হাজার টিকিট। ময়দানে মোহন বাগান, ইস্ট বেঙ্গল ও মহমেডান স্পোর্টিং ক্লাবের কাউন্টার থেকেও টিকিট পাওয়া যাবে। ফেডারেশন সভাপতির আশ্বাস, আমজনতার কথা মাথায় রেখে টিকিটে ১০ শতাংশ ছাড়ের বন্দোবস্ত থাকছে। পাশাপাশি প্রাক্তন ফুটবলারদেরও আমন্ত্রণ জানানো হবে।
৯০ জনের বিশাল স্কোয়াড নিয়ে ভারতে আসছে ব্রাজিল। ইতিমধ্যে পেলের দেশের প্রতিনিধিদল দফায় দফায় পর্যবেক্ষণ সেরেছেন। প্রবল বৃষ্টিতে ডুরান্ড কাপের সময় মাঠের বেশ ক্ষতি হয়। হাল ফেরাতে যুবভারতীর মূল স্টেডিয়াম ও প্র্যাকটিস মাঠে আপাতত অনুশীলন বন্ধ। শুধুমাত্র মাঠের অবস্থা খতিয়ে দেখতে কলকাতায় রয়েছেন ব্রাজিল ফুটবল সংস্থার এক কর্তা। তবে সেলেকাওরা কলকাতায় আসার আগেই শহরে হাজির হবে উরুগুয়ে। যুবভারতীতে ভারত বনাম ব্রাজিল ম্যাচও দেখবেন ফেডেরিকো ভালভার্দেরা। এদিকে, জর্ডনের আল হুসেইনের বিরুদ্ধে এসিএল টু’য়ের ম্যাচ খেলে জাতীয় দলের শিবিরে যোগ দিচ্ছেন লাল-হলুদ ফুটবলাররা। কলকাতা লিগে মোহন বাগান বনাম মহমেডান ম্যাচ খেলে বেঙ্গালুরু উড়ে যাবেন মনবীর ও সাহাল। আগামী ২৫ সেপ্টেম্বর কান্তিরাভা স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে নামবে খালিদ ব্রিগেড।