নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান আঘাতের সম্মুখীন সুন্দরবনের মোহনার বাস্তুতন্ত্র। গত কয়েক দশকে সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে জলের উষ্ণতা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনই বদলে গিয়েছে জলে পিএইচ (অম্লত্ব)-এর মাত্রাও। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) সতর্ক করে জানিয়েছে, চলতি শতাব্দীতেই নদীর জলের তাপমাত্রা প্রায় ৪ ডিগ্রি বাড়তে পারে। সেই আশঙ্কা যে অমূলক নয়, তার প্রমাণও মিলছে এখন থেকে। এর ফলে উপকূলীয় অঞ্চলের জলে কার্বন ডাই অক্সাইডের অতিরিক্ত মাত্রায় শোষণ ঘটছে। আর সেই কারণে সুন্দরবন অঞ্চলে মাছ, চিংড়ি, কাঁকড়াদের খাদ্যের সঙ্কট দেখা দিতে পারে। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সুমিত মণ্ডলের নেতৃত্বে স্নিগ্ধা ভৌমিক এবং আহমেদ শাহির নামে দুই গবেষকের একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেখানেই তাঁরা এই আশঙ্কা স্পষ্ট করেছেন। গবেষকদের দাবি, নদীর জলের তাপমাত্রা ১-৪ ডিগ্রি বাড়লেই ম্যাক্রোবেন্থিক প্রজাতি বা অমেরুদণ্ডী প্রাণীর বৃদ্ধি ও বিকাশে বাধা সৃষ্টি হয়। ভবিষ্যতে এই ধরনের প্রাণীর অস্তিত্ব সঙ্কট হয়ে দাঁড়ায়। এরা মূলত মোহনার তলদেশে বাস করে। এদের মধ্যে রয়েছে পলিকিট, মলাস্ক, একাইনোডার্ম, ক্রাস্টেসিয়ান ইত্যাদি। এরাই আবার মোহনা অঞ্চলে বসবাসকারী মাছের খাদ্যের অন্যতম উৎস। ফলে সার্বিক বাস্তুতন্ত্রেও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা।



