ইসলামাবাদ: পাকিস্তানের মাটিতে নিকেশ হচ্ছে একের পর এক কুখ্যাত জঙ্গি। অথচ হত্যাকারীর পরিচয় কেউ জানে না! বারবার এমন ঘটনায় বুক কাঁপছে আইএসআইয়ের। অজ্ঞাত পরিচয় এই বন্দুকবাজদের টার্গেটে রয়েছেন ভারতের দুই মোস্ট ওয়ান্টেড জঙ্গি হাফিজ সইদ ও মাসুদ আজহার। গোয়েন্দা সূত্রে খবর, সেই কারণে মুম্বই হামলা সহ ভারতের একাধিক বড়ো জঙ্গি হামলার মূলচক্রী হাফিজ ও মাসুদকে গোপন ডেরায় লুকিয়ে ফেলেছে আইএসআই। জানা গিয়েছে, লস্কর-ই-তোইবার প্রধান হাফিজ সইদকে লাহৌরের জোহর টাউন থেকে রাওয়ালপিন্ডির গ্যারিসন গ্রাউন্ড এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাকিস্তানের সেনা সদর দপ্তরের কাছেই এই এলাকা। অন্যদিকে, জয়েশের প্রধান মাসুদ আজহারকে সিন্ধুপ্রদেশের নওয়াবশাহের একটি গোপন নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। গত কয়েকমাসে পাকিস্তানের একাধিক জঙ্গি অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের হামলায় নিকেশ হয়েছে। এতেই উদ্বেগ বেড়েছে আইএসআইয়ের। নিরাপত্তার কথা ভেবেই হাফিজদের সরানো হয়েছে বলে দাবি গোয়েন্দাদের। সূত্রের খবর, নিরাপত্তার কারণে লস্করের সদস্যদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ বন্ধ করেছেন হাফিজ। কেবল অডিয়ো বার্তার মাধ্যমে যোগাযোগ রাখছেন তিনি। যদিও পাকিস্তানের দাবি, সন্ত্রাসে অর্থ জোগানের একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হাফিজ বর্তমানে লাহোরের জেলে বন্দি। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির অবশ্য দাবি, এই বক্তব্য আসলে লোকদেখানো। বাস্তবে জেলে নয়, বরং একটি নিরাপদ আশ্রয়ে আরামেই রয়েছেন লস্কর প্রধান। - ফাইল চিত্র



