নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ‘নাম বাদ দিয়ে দিয়েছে। বাবু, আমাদের দেশছাড়া হতে হবে না তো? খুব ভয় করছে। ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড নিষ্ক্রিয় করে দিলে মরা ছাড়া উপায় থাকবে না।’ বুধবার বর্ধমানে নতুন প্রশাসনিক ভবনের দরজায় শুয়ে কথাগুলি বলছিলেন ৮০ বছরের বৃদ্ধা হাসিনা বিবি। তিনি কিছুটা অসুস্থও হয়ে পড়েন। তাঁর বাড়ি মেমারি থানার সাতগেছিয়ায়। ছেলে মারা গিয়েছে। নাতির বাড়িতে থাকেন। নাতি কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছে। অগত্যা গ্রামের লোকজনের সঙ্গে কেনো রকমে বর্ধমানে এসেছেন। দাঁড়িয়ে থাকতে না পেরে শুয়ে পড়েছেন। কপালে হাত দিয়ে নিজের মনে বিড়বিড় করে চলছেন। চোখেমুখে আতঙ্ক। ভাল খবর পাওয়ার পর বাড়ি ফিরবেন আশা করেছিলেন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর জানতে পারেন, এদিন শুধু নথি নেওয়া হবে। পরে হবে শুনানি।
আতঙ্কিত হয়ে ফর্ম জমা দেওয়ার লাইনে দাঁড়িয়েছিলেন মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের এক গৃহবধূ। তিনি বলেন, এই অবস্থায় এত কষ্ট করতে হবে ভাবতে পারেনি। বিয়ের পর পদবি বদলের জন্য তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। কী হবে কিছুই বুঝতে পারছি না। বর্ধমানের উদয়পল্লির বাসিন্দা দেবযানী গায়েন বলেন, নাম বাদ যাওয়ার পর থেকে এলাকায় মুখ দেখানো দায় হয়ে উঠেছে। আমাদের পূর্ব পুরষরা এখানকার বাসিন্দা। তালিকায় নাম না দেখতে পেয়ে খুব আতঙ্কের মধ্যে রয়েছি। শেষ পর্যন্ত কী হবে জানি না। মানুষকে এত হয়রানি করা উচিত হচ্ছে না।
উদয়পল্লির বাসিন্দা মানসী মণ্ডল বলেন, এদিন খামে ভরে শুধু নথি জমা নেওয়া হল। কবে ডাকবে জানি না। কী কারণে নাম বাদ গেল, বুঝতে পারছি না। এত বছর ভোট দিয়ে এলাম কিছু হল না। এখন আমরা অবৈধ হয়ে গেলাম। দু’দিন ধরে সকাল থেকে বর্ধমানে মহকুমা শাসকের অফিসে ভিড় উপচে পড়ছে। অনেকে জানেন না কোথায় নথি জমা করতে হবে। তাঁরা এখানে এসে জানতে পারছেন, কাটোয়া বা কালনা যেতে হবে। তাঁদের দুর্ভোগ আরও বাড়ছে। অনেকের আতঙ্ক, এটা দেশছাড়া করার পরিকল্পনা। আদৌও ট্রাইবুনালে আবেদন করা লোকজনদের নাম ভোটার লিস্টে উঠবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। ততদিন হাসিনা বিবিদের আতঙ্কে দিন কাটছে। তিনি বলেন, এই জীবনে কত ভোট দিয়েছি, তার ইয়াত্তা নেই। এখন হঠাৎ করেই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হল। এই অবস্থায় দেশের বাইরে যেতে হলে মরণ ছাড়া কোনো উপায় থাকবে না। যদিও কমিশনের দাবি, ভোটার তালিকায় নাম বাদ যাওয়ার সঙ্গে দেশ ছাড়া হওয়ার কোনো সম্পর্ক নেই। রেশন, আধার কার্ডও নিষ্ক্রিয় করা হবে না।