Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কসবার ব্যাঙ্ক থেকে উধাও এফডি’র টাকা, হিমাচলে গ্রেপ্তার বিহারের বাসিন্দা

কসবার ব্যাঙ্ক থেকে উধাও এফডি’র টাকা, হিমাচলে গ্রেপ্তার বিহারের বাসিন্দা
  • ২৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবার এক ব্যাঙ্ক জালিয়াতি মামলায় লালবাজার হিমাচল প্রদেশের সোলান থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। বিহারের পশ্চিম চম্পারন জেলার বাসিন্দা ধৃত ওই ব্যক্তির নাম ধীরাজ কুমার। কলকাতা পুলিসের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন। 

Advertisement

২০২২ সালের জুলাই মাসের শেষের দিকের ঘটনা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কসবা শাখা থেকে রহস্যজনকভাবে সাড়ে ৮ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট (এফডি) খোয়া যায় বলে অভিযোগ। ম্যাচিউরিটির পর ব্যাঙ্কে এফডি’র টাকা তুলতে গিয়ে গ্রাহক সোমা পাল জানতে পারেন, কে বা কারা তাঁর টাকা তুলে নিয়েছে। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে স্থানীয় কসবা খানায় লিখিত অভিযোগ দায়ের করেন সোমাদেবী। তিনি থাকেন কসবার কুমারপাড়া লেনে। ২০২৫ সালে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার কসবা থানার হাত থেকে লালবাজারের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হয়। 
তদন্তে নেমে কলকাতা পুলিসের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার গোয়েন্দারা জানতে পারেন, সোমাদেবীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত গোপন তথ্য প্রথমে হাতিয়ে নিয়েছিল জামাতাড়া গ্যাংয়ের সদস্যরা। তারপর সেই তথ্যকে হাতিয়ার করে সোমাদেবীর এফডি ভাঙিয়ে সাড়ে ৮ লক্ষ টাকা সরিয়ে নেয় চক্রের সদস্যরা। পাশাপাশি তদন্তে লালবাজার জানতে পারে, সোমাদেবীর ওই সাড়ে ৮ লক্ষ টাকায় ক্রেডিট কার্ডের বিল মেটানো হয়েছে এক ব্যক্তির। কে সেই ব্যক্তি, খোঁজ করতে গিয়ে লালবাজারের গোয়েন্দারা ধীরাজ কুমারের হদিশ পান। 
এদিকে, ধীরাজ কুমারের উপর নজরদারি চালাতে গিয়ে গোয়েন্দারা লক্ষ্য করেন, বর্তমানে হিমাচল প্রদেশের সোলান জেলায় রয়েছে ধীরাজ। এরপরই কলকাতা পুলিসের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার গোয়েন্দাদের একটি টিম হিমাচল প্রদেশে হানা দিয়ে অভিযুক্ত ধীরাজ কুমারকে গ্রেপ্তার করেন। ধৃতকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা জানতে চাইছেন, এই চক্রে আর কারা জড়িত।

Advertisement
সম্পর্কিত সংবাদ