মেয়েকে ধর্ষণে গ্রেপ্তার বাবা, গুলি করার দাওয়াই বিধায়কের
  • ২৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ১৭ বছরের কিশোরী মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল নিজের বাবার বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তকে দাঁড় করিয়ে গুলি করে মারার নিদান দিয়েছেন হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের একাদশ শ্রেণির ছাত্রী। 

Advertisement

২০১২ সালে মায়ের মৃত্যুর পর বোনের সঙ্গে বাবার কাছেই থাকত সে। অভিযোগ, গত দু’বছর ধরে মেয়েকে লাগাতার যৌন নির্যাতন করছিলেন বাবা। ভয় ও লজ্জায় কাউকে কিছু জানায়নি কিশোরী। শেষ পর্যন্ত নির্যাতনের কথা পাশের গ্রামের মাসিকে জানায় সে। এরপরই হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মাসি। আর সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাঁকে বারাসত আদালতে পেশ করা হয়। ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল বলেন, বাবার কাছেও মেয়ে নিরাপদ নয় এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ধরনের বাবাকে দাঁড় করিয়ে গুলি করে মেরে দেওয়া উচিত।
অন্যদিকে, শাসনে এক গৃহবধূকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ। রবিবার রাতে অভিযুক্ত মহম্মদ আরি আরমান সুলতানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাঁকে বারাসত আদালতে তোলা হলে পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ জানিয়েছে, ২৭ জুন আরমান পড়শি এক গৃহবধূকে অপহরণ করে। পরে তাঁকে তুলে নিয়ে গিয়ে বারাকপুর, নৈহাটি সহ একাধিক জায়গায় রেখে লাগাতার ধর্ষণ করে। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে শাসন থানার পুলিশ তদন্তে নামে। যুবতীকে আগেই উদ্ধার করা হলেও পলাতক ছিল অভিযুক্ত। রবিবার রাতে অবশেষে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।