নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেয়ের প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেননি বাবা। সম্পর্ক ভেস্তে দিতে নিজেই আগ্নেয়াস্ত্র হাতে হাজির হলেন প্রেমিকার বাড়িতে। যার জেরে মাঝরাতে ছড়াল চরম উত্তেজনা। ঘটনাটি ট্যাংরার।
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেয়ের প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেননি বাবা। সম্পর্ক ভেস্তে দিতে নিজেই আগ্নেয়াস্ত্র হাতে হাজির হলেন প্রেমিকার বাড়িতে। যার জেরে মাঝরাতে ছড়াল চরম উত্তেজনা। ঘটনাটি ট্যাংরার।
প্রত্যক্ষদর্শীদের কথায়, ডানহাতে রিভলভার উঁচিয়ে রাস্তায় ছুটছেন এক ব্যক্তি! পিছনে ছুটছে একদল উত্তেজিত জনতা। পথচারীদের তখন থরহরিকম্প অবস্থা। কেউ আতঙ্কে চিৎকার করছেন। প্রাণ বাঁচাতে ছুটছেন কেউ কেউ। ঠিক যেন রাতের আলো আঁধারিতে সিনেমার অ্যাকশন দৃশ্য!
মঙ্গলবার মাঝরাতে এমন রোমহর্ষক ঘটনার সাক্ষী রইল ট্যাংরার শীল লেনের বাসিন্দারা। বিষয়টি নজরে আসতেই প্রায় একশো মিটার তাড়া করার পর ওই ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ আটক করে পুলিস। ধৃতের নাম ভোলানাথ কর। বছর পঞ্চাশের ওই ব্যক্তির বাড়ি এন্টালি থানার পটারি রোডে। ঘড়িতে তখন রাত সোয়া ১২। আর পাঁচটা দিনের মতো রাস্তায় টহল দিচ্ছিলেন ট্যাংরা থানার পুলিসের একটি দল। শীল লেনে পৌঁছতেই পুলিসের ওই দলটির নজরে আসে, আগ্নেয়াস্ত্র হাতে পাগলের মতো ছুটছেন একজন মাঝবয়সি ব্যক্তি। ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ার আগেই অবশ্য তাড়া করে ওই ব্যক্তিকে ধরে ফেলে ট্যাংরা থানার পুলিস। ধৃতের কাছ থেকে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড তাজা কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিস।
ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে এগিয়ে এসে ট্যাংরা থানার শীল লেনের বাসিন্দা জনৈক অপর্ণা দে পুলিসের কাছে অভিযোগ করেন, রাত ১২টা নাগাদ আগ্নেয়াস্ত্র হাতে তাঁদের বাড়িতে চড়াও হয় ভোলানাথ কর। কারণ, অপর্ণা দে’র ছেলের সঙ্গে ভোলানাথবাবুর মেয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। যা নিয়ে ঘোরতর আপত্তি রয়েছে ভোলানাথবাবুর। তাই এই সম্পর্ক ভেস্তে দিতে মাঝরাতে আগ্নেয়াস্ত্র হাতে ছেলের বাড়িতে চড়াও হয়েছিলেন তিনি। শুধু চড়াও হওয়া নয়, রীতিমতো গুলি চালিয়ে ছেলের বাড়ির সবাইকে প্রাণে মারার হুমকিও দেন তিনি। কিন্তু ছেলের বাড়ির সবাই রুখে দাঁড়াতেই আগ্নেয়াস্ত্র হাতে পালাতে যান মেয়ের বাবা ভোলনাথ।
পরে অপর্ণা দে’র লিখিত অভিযোগের ভিত্তিতে রাতেই ট্যাংরা থানার পুলিস গ্রেপ্তার করে অভিযুক্ত ভোলনাথ করকে। তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়া সহ অস্ত্র আইনের একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে ট্যাংরা থানার পুলিস। এদিকে, ধৃত ভোলনাথ করকে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে চাইছে, বেআইনি আগ্নেয়াস্ত্র তিনি কোথা থেকে সংগ্রহ করেছেন?