Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নাবালক ছেলেকে সঙ্গে নিয়ে চুরির অভিযোগ, ধৃত বাবা ও দুই আত্মীয়

বাবা চুরিবিদ্যায় সিদ্ধহস্ত। সেই চুরির কাজে সঙ্গে নিয়েছিলেন নাবালক ছেলেকেও। তাঁদের সঙ্গে আরও দুই আত্মীয় যোগ দিয়েছিলেন চুরির কাজে। কিন্তু শেষ রক্ষা হলো না। বাগদা পুলিশের হাতে গ্রেফতার হলেন বাবা। আটক করা হয়েছে নাবালক ছেলেকে। তাঁদের দুই আত্মীয়কেও গ্রেফতার করেছে পুলিশ।

নাবালক ছেলেকে সঙ্গে নিয়ে চুরির অভিযোগ, ধৃত বাবা ও দুই আত্মীয়
  • ২২ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বাবা চুরিবিদ্যায় সিদ্ধহস্ত। সেই চুরির কাজে সঙ্গে নিয়েছিলেন নাবালক ছেলেকেও। তাঁদের সঙ্গে আরও দুই আত্মীয় যোগ দিয়েছিলেন চুরির কাজে। কিন্তু শেষ রক্ষা হলো না। বাগদা পুলিশের হাতে গ্রেফতার হলেন বাবা। আটক করা হয়েছে নাবালক ছেলেকে। তাঁদের দুই আত্মীয়কেও গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ইমন আলি সর্দার, বাপন সর্দার, খাইরুল সর্দার। ইমন আলির নাবালক ছেলেও এই ঘটনায় অভিযুক্ত। চুরির সুবিধার্থেই নাবালক ছেলেকে এই কাজে নামিয়েছিলেন বাবা। অনেকে মনে করছেন, যে কোনও ছোট ফাঁক গলে অনায়াসে ঘরে ঢোকার ক্ষেত্রে সুবিধা পেতে কিংবা সন্দেহের বাইরে থাকার জন্যই নাবালক ছেলেকে চুরির কাজে নামান তিনি। সাম্প্রতিককালে বাগদা থানা এলাকায় কয়েকটি চুরির ঘটনা ঘটে। দিন পাঁচেক আগে হেলেঞ্চা পঞ্চায়েতের পুরাতন হেলেঞ্চা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে চুরি হয়েছিল। সন্ধ্যায় বাড়িতে কেউ ছিলেন না। রাত ৯’টা নাগাদ পরিবারের সদস্যরা বাড়ি ফিরে দেখেন, গ্রিলের তালা ভাঙা। ঘরের আলমারি ভেঙে গয়না, একটি ক্যামেরা, ল্যাপটপ নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। থানায় অভিযোগ দায়ের হলে বাগদা থানার পুলিশ তদন্তে নামে। সেই সূত্রে বাগদা পশ্চিমপাড়ার বাসিন্দা এক নাবালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখান থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। পুলিশকে ওই নাবালক জানায়, বাবা ও আত্মীয়দের নিয়ে একাধিক চুরির ঘটনা ঘটিয়েছে তারা। এরপরই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা চুরির কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে। 
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে গেটের তালা ও লকার ভাঙার সরঞ্জাম। ধৃত তিনজনকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। আদালত ধৃতদের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। ওই নাবালককে বারাসাত জুভেনাইল আদালতে পাঠানো হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ