Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নাগেরবাজার উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা, মৃত প্রৌঢ়

নাগেরবাজার উড়ালপুলে মর্মান্তিক পথ দুর্ঘটনা। উপর থেকে ছিটকে নীচে পড়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।

নাগেরবাজার উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনা, মৃত প্রৌঢ়
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: নাগেরবাজার উড়ালপুলে মর্মান্তিক পথ দুর্ঘটনা। উপর থেকে ছিটকে নীচে পড়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম বিশালকুমার ঢালিয়া (৫০)। তাঁর বাড়ি বাগুইআটি এলাকায়। তিনি পেশায় প্রাইভেট টিউটর। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, উলটোদিক থেকে আসা চারচাকার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বাইকে এসে ধাক্কা মারায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। ওই গাড়ির চালক স্থানীয় নার্সিংহোমে চিকিৎসাধীন। 

Advertisement

নাগেরবাজার উড়ালপুলের উপরে দুর্ঘটনা নতুন নয়। এর আগেও একাধিক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। কয়েক মাস আগে হাইকোর্টের নির্দেশে রাতে উড়ালপুল খুলে দেওয়া হয়েছিল। কিন্তু এক গভীর রাতে ভয়ংকর গতিতে যাওয়া দুই বাইক আরোহী উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা মেরে নীচে ছিটকে পড়ে মারা গিয়েছিলেন। তারপর থেকে রাতে উড়ালপুল ফের বন্ধ রাখা হয়। স্থানীয়দের একাংশের কথায়, ওই উড়ালপুলের উপরে যে বাঁক রয়েছে, তা বিপজ্জনক। ফলে অত্যধিক গতিতে আসা একাধিক গাড়ি বহু ক্ষেত্রে নিয়ন্ত্রণ হারায়।
এদিন সকাল ১০টা ৫০ মিনিট নাগাদ বিশালবাবু বাইকে করে লেকটাউনের দিক থেকে এয়ারপোর্ট ১ নম্বর গেটের দিকে যাচ্ছিলেন। উলটোদিক থেকে লেকটাউনগামী একটি চার চাকার গাড়ি দ্রুতগতিতে আসছিল। নাগেরবাজার মোড়ের কাছে উড়ালপুলের উপরে আচমকাই চারচাকার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁদিক থেকে ডান দিকে চলে আসে। ঠিক সেই জায়গা দিয়েই বাইক নিয়ে যাচ্ছিলেন বিশালবাবু। সজোরে ধাক্কায় বাইক থেকে ছিটকে উড়ালপুলের নীচে পড়েন তিনি। বাইকে ধাক্কা মারার পর চারচাকার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের গার্ডওয়ালে ধাক্কা মারে। তাতে আহত হন ওই গাড়ির চালক রাকেশ আগরওয়াল। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বাইকচালক উপর থেকে আচমকা নীচে পড়ায় নাগেরবাজার এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। নাগেরবাজার ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসেন। তাঁকে উদ্ধার করে পাশেই দমদম পুরসভার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়ি ও বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। চারচাকার গাড়িটি এত জোরে ধাক্কা মেরেছে যে, গাড়ির এয়ারব্যাগ ফেটে গিয়েছে। খবর পেয়ে হাসপাতালে চলে আসেন বিশাল ঢালিয়ার পরিবার। তাঁরা কান্নায় ভেঙে পড়েন। পরিবারের সদস্যরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার অবস্থায় ছিলেন না। তদন্তকারীরা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে জরুরি ব্রেক কষার দাগ রয়েছে। তাঁদের ধারণা, গাড়ির গতি বেশি থাকায় জোরে ব্রেক কষলেও চালক গাড়ির উপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। সংঘর্ষের অভিঘাত এতটাই ছিল যে, মোটরবাইকটি ছেঁচড়ে চলে যায় বেশ কিছুটা দূরে। আর চালক উপর থেকে ছিটকে নীচে পড়ে যান।

Advertisement
সম্পর্কিত সংবাদ