নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রধানমন্ত্রী কিষান নিধি প্রকল্পে রাজ্যে নথিভুক্ত ৩৮ লক্ষ ৫৫ হাজার ২১৩ জন চাষি বছরে মোট ৯ হাজার টাকা আর্থিক অনুদান বা ভাতা পাবেন। এর মধ্যে ৩ হাজার টাকা হবে রাজ্য সরকারের অতিরিক্ত অনুদান। বাকি ৬ হাজার টাকা কেন্দ্রীয় সরকার দেবে। অন্যদিকে কৃষক বন্ধু (নতুন) প্রকল্পে নথিভুক্ত চাষিরা তাঁদের জমির পরিমাণ অনুযায়ী বছরে ৪ থেকে ৬ হাজার টাকা করে পাবেন। এই টাকার পুরোটাই দেবে রাজ্য সরকার।
কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল সোমবার নবান্নে জানিয়েছেন, ৪ শতক (২.৪২ কাঠা) পর্যন্ত জমি থাকলে ৪ হাজার টাকা এবং তার থেকে বেশি জমি থাকলে ৬ হাজার টাকা মিলবে। একজন চাষি একইসঙ্গে কৃষক বন্ধু (নতুন) ও প্রধানমন্ত্রী কিষান নিধি প্রকল্পের সুবিধা পাবেন না। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী প্রকল্পে বর্গাদার চাষির আর্থিক অনুদান পাওয়ার সুযোগ নেই। জমির নিজস্ব মালিকানা থাকলে তবেই টাকা দেওয়া হয়। তৃণমূল জমানায় কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত চাষির সংখ্যা ছিল ১ কোটি ১ লক্ষ ৯ হাজার ৫৭১ জন। এখন এই প্রকল্পে নতুন করে নাম নথিভুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এই বিষয়টি নিয়ে কৃষিমন্ত্রী জানিয়েছেন, আগে একটি কৃষক পরিবারের একাধিক সদস্য এই প্রকল্পে টাকা পেতেন। এখন পরিবারের একজনকেই টাকা দেওয়া হবে। সরকারি চাকরিজীবী এবং আয়করদাতা হলে এই টাকা মিলবে না। এই নিয়ম দুটি প্রকল্পের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রধানমন্ত্রী প্রকল্পের বাইরে থাকা সাড়ে ৭১ লক্ষ চাষির (আগের নথিভুক্তকরণের ভিত্তিতে) নতুন কৃষকবন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। এখনো পর্যন্ত ৪৭ লক্ষ ৫৭ হাজার ৯৫৭ জন আবেদন করেছেন। কৃষক বন্ধু প্রকল্পে এখনো পর্যন্ত নথিভুক্ত হয়েছে প্রায় সাড়ে ৩৯ লক্ষ চাষির নাম। যাঁরা এখনো আবেদন করেননি তাঁদের আরও দশদিন সময় দেওয়া হয়েছে। আবেদন করার আহ্বানসহ চাষিদের মোবাইলে পাঠানো হয়েছে এসএমএস।