Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

পথ দেখাচ্ছে কালনা, ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজ রেখে তিনগুণ দাম পাচ্ছেন চাষিরা

বাজারে পেঁয়াজের দাম অনেকটাই বেড়েছে। খোলা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।

পথ দেখাচ্ছে কালনা, ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজ রেখে তিনগুণ দাম পাচ্ছেন চাষিরা
  • ৪ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কালনা: বাজারে পেঁয়াজের দাম অনেকটাই বেড়েছে। খোলা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। সরকারি উদ্যোগে কালনা-২ ও পূর্বস্থলী-১ ব্লকের কিষাণ মান্ডির সংরক্ষণ কেন্দ্রে পেঁয়াজ রেখে ও সরকারি ভর্তুকিতে বাড়িতে পেঁয়াজের গোলা তৈরি করে তিন গুন দাম মেলায় খুশি চাষিরা। শুক্রবার কালনা থেকে সরকারি ভাবে প্রায় তিন টন পেঁয়াজ কেনা হয়েছে ৩০ টাকা কেজি দরে। এবার পেঁয়াজ ওঠার সময় চাষিরা কেজি প্রতি ৮-৯ টাকা দরে পেঁয়াজ বিক্রি করেছেন। সেই সময় সরকার পেঁয়াজ কিনেছে ১৩-১৫ টাকা কেজি দরে। বিগত বছরে সরকারি উদ্যোগে কালনা-২ ও পূর্বস্থলী-১ ব্লকের কিষাণ মাণ্ডিতে গড়ে ওঠে পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র। এছাড়াও মহকুমায় বহু চাষিকে সরকারি ভর্তুকিতে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজ গোলা তৈরির উৎসাহ দিয়েছে। ফলে এবার যেমন কিষাণ মাণ্ডিতে পেঁয়াজ রেখে বড়ো অংকের লাভ পাচ্ছেন চাষিরা। তেমনই সরকারি আর্থিক সহায়তায় বাড়ি ও খামারে ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজের গোলা তৈরি করে তাতে রেখে ভালো লাভের মুখ দেখছেন।

Advertisement

কালনা নাগরগাছির চাষি সুরজিৎ বিশ্বাস বলেন, সরকারি ভাবে লক্ষাধিক টাকা আর্থিক সহায়তায় বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজের গোলা তৈরি করেছি। এবার প্রায় দু’শো মণ পেঁয়াজ রেখেছিলাম। পেঁয়াজ ওঠার সময় ৭ টাকা কেজি বিক্রি হয়েছে। গোলায় পেঁয়াজ রেখে এখন ২৮-৩০ টাকায় বিক্রি করছি। এবার ভাল লাভ পাচ্ছি।
কালনা সর্বমঙ্গলা গ্রামের চাষি তরুণ কুমার মণ্ডল বলেন, কালনা জিউধারা সরকারি পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্রে ২০০বস্তা পেঁয়াজ রেখেছি। শুক্রবার সরকারকে ২৫ বস্তা ৩০ টাকা কেজি দরে বেচেছি। সরকারি এমন উদ্যোগে পেঁয়াজ রেখে ভালই লাভবান হচ্ছি।      

Advertisement
সম্পর্কিত সংবাদ