রবি মরশুমের শুরুতে রাসায়নিক সারের দাম বৃদ্ধিতে কার্যত দিশাহারা কৃষকরা
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: একদিকে ধানের বাজার নিম্নমুখী, অন্যদিকে বাড়ছে রাসায়নিক সারের দাম। রবি মরশুমের চাষ শুরুর মুখে এমন পরিস্থিতিতে কার্যত দিশাহারা দক্ষিণ দিনাজপুর জেলার কৃষকরা। বিশেষ করে এনপিকে ১০:২৬:২৬ সারের ৫০ কেজির বস্তার দাম এক ধাক্কায় প্রায় ৫০০ টাকা বেড়ে যাওয়ায় মাথায় হাত চাষিদের। গত বছর যে সার ১,৯০০ টাকার মধ্যেই পাওয়া যেত, বর্তমানে সেই বস্তা কিনতে খরচ হচ্ছে প্রায় ২,৫০০ টাকায়। ফলে চাষের প্রাথমিক খরচ অনেকটাই বেড়ে যাওয়ায় রবি ফসলের জমি তৈরি করেও পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তায় কৃষকরা।

Advertisement

বর্ষা শেষে জেলায় আমন ধান কাটার কাজ শুরু হয়েছে। পাশাপাশি গম, সরিষা সহ বিভিন্ন রবি ফসলের চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। জেলার বিস্তীর্ণ এলাকায় গমের চাষ হওয়ায় এনপিকে সার অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাষিদের পছন্দের এই সারের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন তাঁরা। বিভিন্ন কোম্পানির সার বাজারে থাকলেও দামের পার্থক্য খুব একটা নেই। গত কয়েক বছরের মতো এবার সারের কালোবাজারির অভিযোগ না থাকলেও বস্তার গায়ে লেখা এমআরপি দামেই সার কিনতে হচ্ছে কৃষকদের।
অন্যদিকে, ধান বিক্রি করেই রবি ফসলের চাষের খরচ জোগানোর পরিকল্পনা করেন অধিকাংশ কৃষক। কিন্তু বর্তমানে জেলার বাজারে প্রতি কুইন্টাল ধান বিক্রি হচ্ছে ১,৭০০ থেকে ১,৮০০ টাকায়। আগামী ডিসেম্বরের শুরু থেকে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার কথা রয়েছে। তার আগে কম দামে ধান বিক্রি করে চাষের খরচ জোগাড় করা কঠিন হয়ে পড়েছে। 
কুশমণ্ডির কৃষক রবিন সরকার বলেন, মাঠ থেকে ধান উঠলেও দাম না থাকায় বিক্রি করে রবি শস্যের চাষ শুরু করতে পারছি না। তার উপর রাসায়নিক সারের বস্তাপিছু প্রায় ৫০০ টাকা দাম বেড়েছে। গতবারের পুরনো দামের সারও আর বাজারে পাওয়া যাচ্ছে না। ফসলের দাম নেই, অথচ সারের দাম বাড়ছে। এই পরিস্থিতিতে কীভাবে চাষ করব, বুঝতে পারছি না।দক্ষিণ দিনাজপুর জেলা কৃষিদপ্তরের এক আধিকারিক বলেন, জেলায় পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার মজুত রয়েছে। ডিলাররা এমআরপি অনুযায়ী সার বিক্রি করছেন কি না, তা নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। বিভিন্ন কোম্পানি নিজেদের সারের দাম বাড়ালে দপ্তরের পক্ষ থেকে সরাসরি কিছু করার থাকে না। তবে জৈব সার ব্যবহারের বিষয়েও কৃষকদের সচেতন করা হচ্ছে।