সংবাদদাতা, কালনা: বর্তমানে বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী। পেঁয়াজের ভাল দাম পাওয়ার আশায় নতুন করে পেঁয়াজ চাষে ঝুকছেন চাষিরা। পেঁয়াজের চারার চাহিদা ভাল থাকায় মরশুমের শুরুতেই চারার দাম অনেকটাই বেশি। মরশুমের শুরুতেই চারা বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকা কেজি দরে। এই দাম আরও বৃদ্ধি পেতে পারে বলেই ধারণা চাষিদের একাংশের।
স্থানীয় ও কৃষিদপ্তর সূত্রে জানা গিয়েছে, কালনা মহকুমা জুড়ে পূর্বস্থলী-১, ২ ও কালনা-১,২ ব্লকে কয়েকশো হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়। গত বছর ফলন ভাল হলেও শুরুতে চাষিরা দাম পাননি। অনেক চাষির লোকসান হয়। বর্তমান বাজারে পেঁয়াজ ৬০-৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবার পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি থাকায় চাষের জমির পরিমাণ বাড়তে পারে বলেই আশঙ্কা করছেন। ইতিমধ্যে জমি তৈরির কাজ শেষ করে চারা রোপণের কাজও শুরু করেছেন চাষিরা। কালনা মহকুমার বৃহত্তম পেঁয়াজের চারা বিক্রয় কেন্দ্র আড়ত রয়েছে এসটিকেকে রোডের ধারে নাগরগাছি গ্রামে। শুধু বর্ধমান নয় নদীয়া, মুর্শিদাবাদ, হুগলি সহ আরও অন্যান্য জেলার চাষিরা ওই বাজার থেকে পেঁয়াজের চারা কিনতে আসছেন।
কালনা মহকুমায় কালনা-১ ও ২ ব্লক সহ নাদনঘাট, পূর্বস্থলী ব্লকে প্রচুর পেঁয়াজ চাষ হয়। কালনা-১ ব্লকে পেঁয়াজ চাষের জমির পরিমাণ সাতশো হেক্টরেরও বেশি। বাকি ব্লকগুলিতেও কয়েকশো হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়। কালনা মহকুমায় কালনা-২ ও পূর্বস্থলী-১ কিষাণ মান্ডিতে রয়েছে পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র।
পেঁয়াজের আড়তদার বলাই দাস বলেন, এখনও সেভাবে চারার জোগান আসেনি। যেটুকু আসছে দাম ১৬০-১৭০ টাকা কেজির মধ্যে ঘোরাফেরা করছে। পেঁয়াজ চাষি মুজিবর শেখ, চন্দ্রগুপ্ত বারিকরা বলেন, বর্তমানে পেঁয়াজের দাম ভাল থাকলেও গত বছর ফসল ওঠার সময় তেমন দাম পাওয়া যায়নি ৮-১০ টাকা কেজিতে বিক্রি করতে হয়েছে। এলাকায় কোনো পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা নেই। আমরা চাই সরকার বৃহত্তর আকারে পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা করুক। তবেই, কম দামে বিক্রি করে চাষিদের লোকশানে পড়তে হবে না। এবার কেনা চারায় চাষ করলে বিঘে প্রতি খরচ ২৫ হাজার টাকা ছাড়িয়ে যাবে। কীভাবে চাষ করব ভেবে পাচ্ছি না। কালনা মহকুমা কৃষি আধিকারিক শেখ হামিম রহমান বলেন, এবার পেঁয়াজ চাষের জমির পরিমাণ বারার সম্ভাবনা রয়েছে। মহকুমায় সরকারি সহায়তায় শতাধিক চাষি ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণে ভাল লাভবান হয়েছেন। এবারও আরও কিছু চাষিদের ঘরোয়াভাবে সংরক্ষণের সহযোগিতা করার কথা ভাবা হচ্ছে।



